আরব-ইসরায়েল পরিস্থিতি নিয়ে শীঘ্রই বাংলাদেশের অবস্থান জানাবেন রাষ্ট্রপতি


জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে ট্রাম্প প্রশাসনের ঘোষণার পর ওআইসি’র জরুরি বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।


ওই সম্মেলনে অস্থির হয়ে ওঠা আরব-ইসরাইল পরিস্থিতিতে করণীয় এবং বাংলাদেশের অবস্থান জানাবেন রাষ্ট্রপতি।

আল-কুদ্স আস-শরিফ হিসেবে পরিচিত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে সেখানে স্থানন্তর করতে ট্রাম্প প্রশাসনের হঠাৎ ঘোষণায় ফিলিস্তিন ও ইসরাইল সম্পর্ক আবারও অস্থির হয়ে উঠেছে। হুমকির মুখে পড়েছে চলমান শান্তি প্রক্রিয়া।

এ অবস্থায় ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জরুরি বিশেষ শীর্ষ সম্মেলন ডেকেছেন। ওই ঘোষণায় এরই মধ্যে নিজেদের উদ্বেগের কথা জানানো বাংলাদেশের পক্ষে সম্মেলনে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

‘ওয়ান প্ল্যানেট’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী:

প্যারিসে ওয়ান প্ল্যানেট সম্মেলনে যোগ দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে ফ্রান্সের সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্যারিস জলবায়ু সম্মেলনের দু’ বছর পুর্তিতে ৩ দিনের ‘ওয়ান প্ল্যানেট’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১১ই ডিসেম্বর ফ্রান্স যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে কার্বন জোট নিরপেক্ষতা, প্যারিস চুক্তির আলোকে তহবিল গঠনসহ সতটি উদ্যোগ নিয়ে আলোচনা করবেন সরকার ও রাষ্ট্র প্রধানরা।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বছর ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন হবে ঢাকায়।
Share on Google Plus

About Admin

0 comments:

Post a Comment

Thanks for your comments.