পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ


আজ ১২ রবিউল আউয়াল মঙ্গলবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।


আইয়ামে জাহেলিয়াতের সেই যুগে মানুষকে আলোর পথ দেখিয়ে ৬৩ বছর বয়সে আজকের এই দিনেই তিনি ইন্তেকাল করেন। রাসুল (সা.)-এর জন্ম ও মৃত্যুর এ দিনটি সারা বিশ্বে মুসলমানদের কাছে মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানরা দিনটি পালন করে বিশেষ গুরুত্বের সঙ্গে।

বরাবরের মতো এবারও সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, মিলাদ, জশনে জুলুস, আলোচনা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। আজ সরকারি ছুটির দিন। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীসহ সারা দেশের বড় বড় মসজিদে আয়োজন করা হয়েছে বিশেষ ইবাদত-বন্দেগি ও আলোচনা অনুষ্ঠান।

 ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনগুলো ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। রাজধানীতে বের হবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জশনে জুলুস। দিবসটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতারা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আনুষ্ঠানিকভাবে এসব কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামী ক্যালিগ্রাফি, মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী, ইসলামী বইমেলা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, কিরাত ও হামদ-নাত মাহফিল এবং রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর।

 ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বাদ আসর দলের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি।

 দিবসটি উপলক্ষে আজ রাজধানীতে জশনে জুলুসসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে আহলা দরবার শরিফের সংগঠন তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ, আশেকান মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন ও আশেকান গাউছিয়া মাইজভাণ্ডারী। জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে বাদ আসর আলোচনা ও মিলাদ মাহফিল হবে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.