তৃণমূল বিধায়কের অদ্ভুত এবং বেনজির বিক্ষোভে হতচকিত হয়ে গেল ত্রিপুরা বিধানসভা। স্তব্ধ হয়ে গেল অধিবেশন।
স্পিকারের পোডিয়াম থেকে আচমকা রুপোর তৈরি ন্যায়দণ্ডটি তুলে নিয়ে দৌড়তে শুরু করলেন তৃণমূল বিধায়ক সুদীপ রায়বর্মন। আগরতলার দাপুটে বিধায়ককে আটকাতে তাঁর পিছন পিছন ছুটলেন বিধানসভার মার্শালরা।
কিন্তু অপ্রতিরোধ্য সুদীপকে আটকাতে পারলেন না তাঁরা। ন্যায়দণ্ড নিয়ে তিনি অধিবেশন কক্ষের বাইরে চলে গেলেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন স্পিকার রমেন্দ্রচন্দ্র দেবনাথ।
মঙ্গলবার বিধানসভার কাজ শুরু হতেই প্রধান বিরোধী দল তৃণমূল এবং অপর বিরোধী দল কংগ্রেস বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। বনমন্ত্রী নরেশ জামাতিয়ার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির যে অভিযোগ সম্প্রতি সামনে এসেছে, তা নিয়েই বিক্ষোভ দেখাচ্ছিল দুই বিরোধী দল।
বনমন্ত্রীর অপসারণ দাবি করে ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। আচমকা স্পিকারের আসনের দিকে উঠে যান সুদীপ রায়বর্মন এবং পোডিয়ামের সামনে রাখা রুপোর ন্যায়দণ্ডটি তুলে নেন। এই বেনজির কাণ্ড দেখেই তৃণমূল বিধায়কের দিকে ছুটে যান বিধানসভার মার্শালরা। কিন্তু সুদীপ রায়বর্মন তত ক্ষণে ছুটতে শুরু করেছেন দরজার দিকে। মার্শালও পিছনে ছুটতে শুরু করেছেন তাঁকে আটকানোর জন্য।

0 comments:
Post a Comment
Thanks for your comments.