বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা এ বছর বলিউডের চেয়ে হলিউডেই বেশি সময় দিয়েছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-এর দ্বিতীয় মৌসুমের শুটিং।
হলিউডের ছবি বেওয়াচ-এর কাজও শেষ। ঘরের মেয়ে এবার ঘরে ফিরে এসেছেন। আর দেশে ফিরেই তিনি পাচ্ছেন বিশেষ এক চমক—চাচাতো বোন পরিণীতি তাঁকে সম্মান জানিয়ে একটি অনুষ্ঠানে নাচবেন।
পরিণীতি মনে করেন, প্রিয়াঙ্কার গুণের ১০ শতাংশ তাঁর নিজের মধ্যে পেলেও দারুণ হতো। একট টুইটে তিনি লিখেছেন, ‘জীবনেও এত নার্ভাস হইনি। আমার বোন ও সেরা স্টেজ পারফর্মার প্রিয়াঙ্কাকে মঞ্চে সম্মান জানাব। তবে তাঁকে অনুকরণ করার চেষ্টা করছি না; কারণ আমি তাঁর ধারেকাছেও যেতে পারব না।’
তবে মঞ্চে পরিণীতি তাঁর চাচাতো বোন প্রিয়াঙ্কাকে উদ্দেশ করে যে পরিবেশনাটি তৈরি করবেন, সেটি কেমন হবে, তা তিনি খোলাসা করেননি।
পরিণীতি চোপড়াকে আগামী বছর দেখা যাবে মেরি পেয়ারি বিন্দু ছবিতে আয়ুষ্মান খুড়ানার বিপরীতে।
আর প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবি বেওয়াচ মুক্তি পাবে মে মাসে।
উল্লেখ্য, সম্প্রতি আইএমডিবিএর জরিপ অনুসারে জনপ্রিয়তার দৌড়ে হলিউডের জেনিফার অ্যানিস্টন, এমা ওয়াটসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, জনি ডেপ, স্কারলেট জোহানসনের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
দ্য ইন্টারনেট মুভি ডেটাবেইস, সংক্ষেপে আইএমডিবিএর জরিপ অনুযায়ী পৃথিবীর জনপ্রিয় তারকাদের তালিকায় ৫৫ নম্বরে আছেন প্রিয়াঙ্কা। আইএমডিবিএ একটি জনপ্রিয় অনলাইন ডেটাবেইস সাইট। এখানে চলচ্চিত্র, টিভি সিরিয়াল, ভিডিও গেম-সম্পর্কিত সব তথ্য পাওয়া যায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

0 comments:
Post a Comment
Thanks for your comments.