বিশ্ব সুন্দরী নির্বাচিত হলেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত দেশ পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালে।
রোববার সন্ধ্যায় আমেরিকার এম জি এম ন্যাশনাল হারবার রিসর্টে তার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী মিরিয়া লালাগুনা। এ বছর প্রতিযোগীতায় প্রথম পাঁচটি স্থানে জায়গা পেয়েছিল কেনিয়া, ফিলিপিন্স, পুয়ের্তো রিকো, ডোমিনিকান রিপাবলিক এবং ইন্দোনেশিয়া।
ফাইনালে মিস ডোমিনিকান রিপাবলিক ইয়েরিতজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ এবং মিস ইন্দোনেশিয়া নাতাশা ম্যানুয়েলাকে হারিয়ে বিশ্ব সুন্দরীর মুকুট স্টেফানির মাথায় ওঠে। ১৯ বছর বয়সী স্টেফানি নিউইয়র্কের পেস ইউনিভার্সিটির কলা বিভাগের ছাত্রী। ইংরাজি, ফরাসী এবং স্পেনীয় ভাষায় রীতিমতো দক্ষ। পড়াশোনা শেষ করে হলিউডে নাম লেখানোর ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ বছরের বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ঘিরে অনেক বিতর্ক হয়েছে।
কানাডার হয়ে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন চীনা বংশোদ্ভূত অ্যানাস্তেসিয়া লিন। চীনে জন্ম হলেও, মাত্র ১৩ বছর বয়স থেকে কানাডায় বাস করছেন তিনি। গত বছর মিস কানাডা হয়েছিলেন।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানোর পর থেকেই চীনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে গলা চড়িয়েছিলেন তিনি। আয়োজকদের পক্ষে বারবার সাবধান করা হয় তাকে। চীনের বিরুদ্ধে মুখ খুলে এর আগেও সমস্যায় পড়েছিলেন তিনি। গত বছর চীনেই বিশ্বসুন্দরী প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল কিন্তু তাকে ভিসা দিতে অস্বীকার করে বেজিং।

0 comments:
Post a Comment
Thanks for your comments.