বিজয় দিবসে হাতিরঝিলে চালু হলো ওয়াটার ট্যাক্সি সেবা। এফডিসি থেকে রামপুরা রুটে চলবে ট্যাক্সিগুলো।
শুরুর দিনে বিনা মূল্যে ওয়াটার ট্যাক্সিতে চড়ার সুযোগ ছিল বেড়াতে আসা লোকজনের। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ট্যাক্সি সেবার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, হাতিরঝিল এলাকার নিরাপত্তায় শিগগিরই নতুন একটি থানার কার্যক্রম শুরু হবে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীনে এ ওয়াটার ট্যাক্সিগুলো এফডিসি থেকে বাড্ডা সংযোগ সড়ক ও রামপুরা সেতুর মধ্যে যাতায়াত করবে।
এফডিসি, গুলশান-১ ও রামপুরা ব্রিজ এলাকায় ট্যাক্সির তিনটি টার্মিনাল স্থাপন করা হয়েছে। মূল টার্মিনাল এফডিসি থেকে রামপুরা পর্যন্ত ভাড়া ২৫ টাকা এবং গুলশান-১-এর ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ওয়াটার ট্যাক্সি সেবা চালু উপলক্ষে গতকাল হাতিরঝিলের রামপুরা সেতু অংশটি ছিল বেশ উৎসবমুখর। রঙিন কাপড় আর ফুল দিয়ে সাজানো হয় এখানকার টার্মিনাল।
পাশেই ছিল একটি অস্থায়ী মঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি দেখে দুপুর থেকেই সেখানে ভিড় করে হাতিরঝিলে বেড়াতে আসা মানুষ। বন্ধ টিকিট কাউন্টারের সামনেই ছিল লম্বা লাইন। পরে অপেক্ষমাণ দর্শনার্থীদের বিনা মূল্যে ওয়াটার ট্যাক্সিতে চড়ার সুযোগ দেওয়া হয়।
তেজগাঁও থেকে আসা রিপন দাস বলেন, এই ট্যাক্সি ছুটির দিনে বেড়ানোর জন্য খুব ভালো হবে। তবে আরেক দর্শনার্থী মো. সেলিম বলেন, ওয়াটার ট্যাক্সির ভাড়া বাসের তুলনায় প্রায় দ্বিগুণ। নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে তাই এই সেবা তাঁর কাছে সুবিধাজনক মনে হচ্ছে না।
হাতিরঝিল প্রকল্পের পরিচালক (রাজউক) জামাল আকতার ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে একটা ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন হলে পরে ভাড়ার হার পরিবর্তন করা হবে। ‘করিম গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠান ওয়াটার ট্যাক্সি পরিচালনার দায়িত্ব পেয়েছে।
তাদের চিফ অপারেটিং অফিসার বলেন, তাঁরা শুরুতে চারটি ট্যাক্সি নিয়ে সেবা চালু করেছেন। দেড় মাসের মধ্যে আরও ছয়টি আসবে। প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এ সেবা চলবে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.