ব্যাপারটা এতটাই অনুমিত ছিল যে শেষ পর্যন্ত এটা না হলে বরং অবিশ্বাস্য লাগত।
প্রথমে স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোর খবর, ওদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর চুল লাল করে ফেলা! ব্যালন ডি’অর যে এবার রোনালদোই পাচ্ছেন তা নিয়ে সংশয় আসলে খুব কমই ছিল। হ্যাঁ, ফ্রান্স ফুটবল সাময়িকী কাল প্যারিসে আনুষ্ঠানিকভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকেই বিজয়ী ঘোষণা করেছে। চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতলেন পর্তুগিজ উইঙ্গার।
পাঁচবার ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসিকে হারিয়েই মেসির আরও কাছে চলে গেলেন রোনালদো। রোনালদো অবশ্য থাকতে পারেননি অনুষ্ঠানে। ক্লাব বিশ্বকাপ খেলতে গতকালই দলের সঙ্গে টোকিওতে গেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।
স্প্যানিশ দৈনিকটি কয়েক দিন আগেই দাবি করেছিল, রোনালদো যে ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন, সেটি আগেই তাঁকে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, ব্যালন ডি’অরজয়ীর নাম ঘোষিত হওয়ার পর বিজয়ীর একটা সাক্ষাৎকার ছাপে ফ্রান্স ফুটবল সাময়িকী। পরশু স্পেন ও ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম একটি ছবি ছাপিয়ে দাবি করে, এটি ফ্রান্স ফুটবল সাময়িকীর আগামী সংখ্যার প্রচ্ছদ। যেখানে দেখা যায়, ব্যালন ডি’অরের ট্রফি হাতে উচ্ছ্বসিত ‘স্যুটেট-বুটেড’ রোনালদো।
এরপর আর সন্দেহ থাকে কী করে! সর্বশেষ কয়েক বছরের তুলনায় এ বছর কিছুটা গোলখরায় ভোগা রোনালদো এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৫১ গোল, করিয়েছেন আরও ১৭টি।
এর আগের পাঁচ বছরই এর চেয়ে বেশি গোল করেছেন রোনালদো। তবে এবার জিতেছেন রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, পর্তুগালের হয়ে ইউরো। ২০০৮ সালে রোনালদো নিজের প্রথম ব্যালন ডি’অর জেতার পর ২০০৯ থেকে শুরু করে টানা চারবার জেতেন মেসি। চার বছর পর ২০১৩ সালে মেসিকে সিংহাসন থেকে সরিয়ে সেখানে বসেন রোনালদো।
পরের বছরও ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ এই পুরস্কারটা রিয়ালের পর্তুগিজ উইঙ্গারেরই ছিল। গত বছর মেসি পঞ্চমবারের মতো জেতেন ব্যালন ডি’অর। এবার রোনালদো আবার সেই মুকুট পুনরুদ্ধার করলেন। এএফপি।

0 comments:
Post a Comment
Thanks for your comments.