শিক্ষার্থীদের চাঁদার টাকায় ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজকে জাতীয়করণ করায় গতকাল শনিবার দুপুরে সাংসদ তুহিনকে সংবর্ধনা দেয়া হয়। তিনি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি।
অভিযোগ রয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৮লক্ষ টাকা চাঁদা নিয়ে। তবে কলেজের অধ্যক্ষ বিষয়টি অস্বীকার করেন।
সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন জানান, আমি সংবর্ধনা নিতে চাইনি কলেজ থেকে আমাকে জোর করে সংবর্ধনা দেয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের কাছ টাকা নেয়ার বিষয়টা আমার জানা নেই।
দ্বাদশ শ্রেণীর ছাত্র জাকির হোসেন জানান, সংবর্ধনা উপলক্ষে গত কয়েকদিন ধরে স্যাররা আমাদের কাছ থেকে ৩০০ টাকা করে নেয়। আরেক ছাত্র আলী আফজাল জানান, আমাদের কলেজে ২ হাজার ৬শ’ ৪৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে।
প্রত্যেকের কাছ থেকেই ৩০০ টাকা করে নিয়েছেন স্যাররা এমপি স্যার আসবে বলে। অন্য এক শিক্ষার্থী রমজান আলী জানান, কলেজে অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা খুবই গরীব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কলেজ জাতীয়করণ করা হয়েছে।
আমাদের দলীয় সংসদ না হলেও অন্য দলের সংসদ সদস্য হলেও কলেজ জাতীয়করণ করা হতো। এখানে সংবর্ধনার কি প্রয়োজন। আমি শুনেছি শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা নিয়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমাদের দলের জন্য এটা খুবই দুঃখজনক।
শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জানান, সংবর্ধনা উপলক্ষে আমরা কোন শিক্ষার্থী এবং কলেজ ফান্ড থেকেও টাকা নেয়নি। আমরা শিক্ষকরা মিলে টাকা দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি।

0 comments:
Post a Comment
Thanks for your comments.