শামীম ওসমান বললেন জয়ের জন্য নৌকার সাপোর্ট প্রয়োজন নাই


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের আলোচিত নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নির্বাচনী বিষয়ে সংবাদ সম্মেলনে  শনিবার থেকে প্রতিটি অলিতে-গলিতে মানুষের পায়ে হাত দিয়ে আমার নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাবে।



তখন টের পাবেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কি তেজ। আইভীর বিজয় সুনিশ্চিত করা আমাদের পক্ষ থেকে আইভীর জন্য সারপ্রাইজ। আর এ বিজয় কনফার্ম। আমি সবার মাধ্যমে আমাদের প্রার্থীর জন্য দোয়া চাইছি; কারণ আমি এমপি, তাই ভোট চাইতে পারছি না। যদি আমার বোন আইভীর আমাকে প্রয়োজন পড়ে তবে আমি এমপি পদ ছেড়ে তার পক্ষে মাঠে নামব যদি আমার নেত্রীর নির্দেশ পাই। আইভীর পক্ষে যদি আপনি না নামেন তবে নৌকা জয়ী হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি আমি না নামি, আইভী নিজেও যদি না নামে নৌকা একাই চলবে। কারণ নৌকার কোনো সাপোর্ট প্রয়োজন নেই।

আর আমরা নৌকার মালিক না। নৌকার মালিক শেখ হাসিনা। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নতুন গড়ে উঠা ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক’ এ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, আমি মনে করি আইভী নৌকার যোগ্য প্রার্থী। আইভীকে নিয়ে আমাদের দ্বিমত ছিল না তবে পছন্দের অন্যরা ছিল। তিনি বলেন, আমি তো প্রচারণায় নামতে পারব না তাই আমার বোনের জন্য নৌকা প্রতীকের দু’টি শাড়ি বানিয়ে দিয়েছি। আমার বোন এটি পরে প্রচারণা করলে তার মনে পড়বে তার বড় ভাই শামীম ওসমান তার সাথে আছে।

তিনি বলেন, পত্রিকাতে দেখেছি দুই দিন আগে শহরের চাষাঢ়া শহীদ মিনারে ও গতকাল অপর এক স্থানে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আইভীর নৌকা ডুবে যাবে, আবার কখনো বলেছেন আইভী ভাঙা নৌকাতে উঠেছেন। তার সে কথা আমাদের ব্যথিত করেছে, চ্যালেঞ্জে ফেলেছে। এটা খুব দুঃখজনক। উনারা হয়তো ভুলে গেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। বিএনপির নেতারা হয়তো ভুলে গেছেন আইভী যে নৌকার মাঝি সে নৌকার একটি বৈঠা আমার হাতেও আছে। সুতরাং সে নৌকা ডুববে না। নৌকা যখন ডুবানোর কথা হয় তখন আমাদের নেতাকর্মীর পায়ের রক্ত মাথায় উঠে যায়।

আমাদের নৌকা ডুববে না। শামীম ওসমান বলেন, ধান এখন খড়কুটা হয়ে গেছে। বিএনপি এখন জনবিচ্ছিন্ন গণবিচ্ছিন্ন একটি দল। মনির হত্যা, ত্বকী হত্যা ও সাত খুনেরও বিচার দাবি করেন তিনি। আইভী প্রসঙ্গে শামীম ওসমান বলেন, আমাদের মধ্যে সামান্য মনমালিন্য থাকতে পারে তবে দলের বৃহত্তর প্রয়োজনে আমাদের কোনো ভুল বোঝাবুঝি নেই। আইভীই কি শুধু আমাকে কষ্ট দিয়েছেন, আমিও তো আইভীকে কষ্ট দিয়েছি। আমার দোষটা খুব বেশি, কারণ আমি বড় ভাই। তার বাবা মরহুম ভাষাসৈনিক এ কে এম শামসুজ্জোহাকে নিয়ে আইভীর বিরূপ মন্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, আমি বিশ্বাস করি ও মনে করি আইভী এ ধরনের কোনো কথা বলেনি।

হয়তো কেন্দ্রীয় কোনো নেতা প্রার্থীর ক্ষতি করতেই এ ধরনের প্রচারণা চালিয়েছে। শামীম ওসমান বাহ্যিক আইভীর পক্ষে কাজ করলেও ভেতরে সাখাওয়াতের পক্ষে কাজ করবেন এমন অভিযোগ বিষয়ে প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, অনেক বিএনপি নেতা আমার সাথে যোগাযোগ করেছে। কিন্তু আমি রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি। আমি হাইব্রিড দলচ্যুত নেতা না। সুতরাং এসব গুজবে কান না দিয়ে আমরা কী করি সেটা দেখেন। এ সময় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 শামীম ওসমানের পদত্যাগ চান না আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী চাইলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন এমপি শামীম ওসমান এমন ঘোষণা দিলেও তার ‘পদত্যাগ’ চান না আইভী। তিনি বলেছেন, শামীম ওসমান একজন সংসদ সদস্য। তিনি জনগণের জন্য কাজ করবেন। তিনি কেন পদত্যাগ করতে যাবেন। আচরণবিধি লঙ্ঘনের কারণে তিনি প্রচারণায় নামতে পারবেন না। তবে শনিবার থেকে আওয়ামী লীগের সবাই নৌকার পক্ষে কাজ করবে আরো স্পৃহা নিয়ে। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে আইভী এসব কথা বলেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.