ভারতের সব রাজ্য ও জাতীয় মহাসড়কের পাশে থাকা মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রোধে এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আদালত এই নির্দেশ দেন।
দেশটির সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৫ সালে ভারতে সড়ক দুর্ঘটনায় প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারায়। সে অনুযায়ী প্রতিদিন প্রায় ৪০০ ও প্রতি ঘণ্টায় ১৭ জনের প্রাণহানি ঘটে।
এ মৃত্যুর ৫ শতাংশই (৬ হাজার ৭৫৫) ঘটে চালকেরা মদ্যপ বা মাদকাসক্ত থাকায়। সুপ্রিম কোর্ট তাঁর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে মহাসড়কের পাশে কোনো ধরনের মদের দোকানকে লাইসেন্স দেওয়া বন্ধ করতে নির্দেশ দেন।
যেসব দোকানের লাইসেন্স রয়েছে, সেগুলোর নিবন্ধনও আগামী বছরের ৩১ মার্চের মধ্যে বাতিল করতে বলা হয়।
প্রধান বিচারপতি টি এস ঠাকুর বলেন, ‘জাতীয় ও রাজ্য মহাসড়কের পাশে কোনো ধরনের মদ বিক্রি করা যাবে না।’ একই সঙ্গে তিনি এসব সড়ক থেকে মদের ব্যানার ও বিজ্ঞাপন সরিয়ে নিতেও নির্দেশ দেন। যদি কোনো দোকান অ্যালকোহল বিক্রি করতে চায়, তাহলে সেই দোকান হতে হবে মহাসড়ক থেকে অন্তত ৫০০ মিটার দূরে।
অ্যারাইভ সেফ নামের একটি এনজিওর পক্ষে আবেদনটি করেন হারম্যান সিং সিধু। তিনি বলেন, ভারতের মহাসড়কগুলোর পাশে দেড় কিলোমিটার পরপরই মদের দোকান দেখা যায়।

0 comments:
Post a Comment
Thanks for your comments.