ভারত দেখছে কোহলির জয়


ব্যাটিংয়ে রেকর্ড গড়েছেন, দলও দেখছে জয়, কোহলির এমন উদ্‌যাপনই মানায়।
৪৯ রান, না ৪ উইকেট?

এ প্রশ্ন নিয়েই শুরু হবে মুম্বাই টেস্টের পঞ্চম দিন। টানা তৃতীয় টেস্ট জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৪ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৪৯ রান, ম্যাচ জিততে নয়, ইনিংস পরাজয় এড়াতেই দরকার এ রান।

তবে উইকেটের যে অবস্থা তাতে ৫০ রানই অনেক দূর বলে মনে হচ্ছে। কারণ, সবাই তো আর বিরাট কোহলি নন! ইংল্যান্ড যে এভাবে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ল এর পুরো ‘দায়’ কোহলির ঘাড়েই ফেলতে পারেন অ্যালিস্টার কুক।

 যে পিচে রান করতে সবার ঘাম ছুটে গেল, সেখানে কী সাবলীল ব্যাটিংটাই না করলেন কোহলি। আজ দিন শুরু করেছিলেন ১৪৭ রানে, শেষ করলেন ২৩৫ রানে। চতুর্থ দিনের স্পিন-স্বর্গে খেলেছেন দুর্দান্ত সব শট। যেখানে বল পিচ করেই ছোবল মারছিল, সেখানে ৯৯ বলে ৮৮ রান করলেন ভারত অধিনায়ক।

 সঙ্গী হিসেবে নামা জয়ন্ত যাদবও কম বিস্ময় উপহার দিয়ে গেলেন না। নয়ে নেমে পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এই প্রথম কোনো ভারতীয় নয় বা তার পরে নেমে সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরির পরই আত্মবিলাসী এক শট খেলতে গিয়ে স্টাম্পড জয়ন্ত।

 ২৪১ রানে থামল অষ্টম উইকেট জুটি। তবে কোহলির রেকর্ডটি এর চেয়েও বড়। ক্রিস ওকসকে এক্সট্রা কভার দিয়ে ছক্কা মারতে গিয়ে আউট হওয়ার আগেই টেস্টে ভারতীয় কোনো অধিনায়কের সর্বোচ্চ ইনিংসটা খেলে ফেলেছেন। ভারতের স্কোরও তখন পেয়ে গেছে পাহাড়-সমান রূপ (৬১৫)।

 শেষ উইকেটে গুরুত্বপূর্ণ আরও ১৮টি রানে ৬৩১ রানে শেষ হলো ভারতীয় ইনিংস। কোহলির ব্যাটিং শেষ হতেই যেন পিচের রূপটা বদলে গেল। ওয়াংখেড়ের পিচকে তখন মনে হচ্ছিল ‘মৃত্যুকূপ’। মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি ও শূন্যের রেকর্ড গড়ে আউট হয়েছেন কিটন জেনিংস।

প্রথম ইনিংসের ২১৯ বল খেলেছিলেন, দ্বিতীয় ইনিংসে আউট হলেন প্রথম বলেই! পেসারদের গল্প এখানেই শেষ। চতুর্থ দিনের উইকেটের সর্বোচ্চ ব্যবহার করলেন ভারতীয় স্পিনাররা। ৪৯ রানেই ৩ উইকেট হারিয়ে আজই পরাজয় দেখছিল ইংল্যান্ড।

কিন্তু ভারতের যদি কোহলি থাকে, ইংল্যান্ডেরও তো আছে জো রুট। চতুর্থ উইকেট জুটিতে পাল্টা আক্রমণ করলেন রুট-জনি বেয়ারস্টো। ড্রাইভ, সুইপ, রিভার্স সুইপ কী ছিল না এ দুজনের ব্যাটিংয়ে! রুটকে আউট করতে নিজেদের দুটি রিভিউ নষ্ট করেছে ভারত।

 পরে জয়ন্তের বলে রুট (৭৭) এলবিডব্লু হওয়ার পরই ভেঙে পড়ে ইংল্যান্ড ইনিংস। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে সফল এক দিনের সমাপ্তি টানলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৮২ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের ক্ষণ গুনছে ইংল্যান্ড।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.