কর ফাকির অভিযোগে রোনালদোর জেল হবে ।
মেসি, নেইমার, তারপর রোনালদো! কর ফাঁকির অভিযোগ পিছু ছাড়ছে না বিশ্ব ফুটবলের মহাতারকাদের। লিওনেল মেসি তো হাজতবাসের খুব কাছেই চলে গিয়েছিলেন। এবার সেই শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদোও।
স্প্যানিশ কর বিভাগের দাবি, অভিযোগ প্রমাণিত হলে ছয় বছরের জেলও হতে পারে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারের। বোমাটা প্রথম ফাটিয়েছিল জার্মান সাপ্তাহিক ডার স্পাইজেল। পত্রিকাটির ফাঁস করা কিছু নথি দেখে ইউরোপের আরও এক ডজন পত্রিকা অভিযোগ তোলে, রোনালদো একটি আইরিশ কোম্পানিকে ব্যবহার করে অঢেল সম্পত্তি বানিয়েছেন ‘ট্যাক্স হ্যাভেন’ বলে পরিচিত দেশগুলোয়।
রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনহোও একই কাজ করেছেন। রোনালদোর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় ১৫ কোটি ইউরো কর ফাঁকি দিয়েছেন। সব নথিপত্র নিয়ে রোনালদোর বিরুদ্ধে তদন্তে নেমেছে স্প্যানিশ কর বিভাগ (গেস্থা)। গেস্থার সচিব হোসে মারিয়া মলিনেদো কাল স্প্যানিশ একটি রেডিওতে দাবি করেছেন, রোনালদো দোষী প্রমাণিত হলে তাঁর ছয় বছরের জেল হতে পারে।
স্পেনের আইন অনুযায়ী অহিংস অপরাধের ক্ষেত্রে প্রথমবার শাস্তির মেয়াদ ২৪ মাসের কম হলে তাঁকে কারাবাস করতে হয় না। এর আগে কর ফাঁকির অভিযোগে লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কারাবাস করতে হয়নি।
রোনালদো ও মরিনহো—দুজনই তীব্র ভাষায় তাঁদের বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগের প্রতিবাদ করেছেন। রিয়াল মাদ্রিদ অবশ্য পাশে দাঁড়িয়েছে রোনালদোর।
ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন খেলোয়াড়ের জন্য রিয়াল মাদ্রিদ সবার সর্বোচ্চ শ্রদ্ধাই আশা করে। এই ক্লাবে অবস্থানকালের পুরো সময়টাই তাঁর আচরণ সবার জন্য অনুকরণীয়। যে প্রতিষ্ঠানের মাধ্যমে রোনালদো কর জমা দেন, জেস্টিফিউট নামে সেই প্রতিষ্ঠানও কাল রোনালদোকে দেওয়া স্প্যানিশ কর বিভাগের ছাড়পত্র প্রকাশ করেছে।
পাশাপাশি জেস্টিফিউট এক বিবৃতিতে বলেছে, ‘স্প্যানিশ কর বিভাগের এই ছাড়পত্রই প্রমাণ করে, রোনালদোর যাবতীয় কর দাখিল হালনাগাদ করা আছে।’ এএফপি।

0 comments:
Post a Comment
Thanks for your comments.