তিন ফিফটিতে এগিয়ে রংপুর লিটন দাস, সোহরাওয়ার্দী শুভ ও আরিফুল হকের ফিফটিতে চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে রংপুর বিভাগ ।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরের এই ম্যাচে আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৭৬ ওভারে ৭ উইকেটে ৩১৫ রানে তুলেছে রংপুর। শুভ ৬২ ও আলাউদ্দিন বাবু ৬ রানে অপরাজিত আছেন।
মঙ্গলবার সকালে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছিল রংপুর। ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন লিটন দাস ও সায়মন আহমেদ।
লিটনের সঙ্গে ৬৬ রান যোগ করে ব্যক্তিগত ২২ রানে হোসেন আলীর বলে বোল্ড হয়ে ফেরেন সায়মন। তবে গত বিপিএলে রান-খয়ায় ভোগা লিটন মাহমুদুল হাসানের সঙ্গে জুটি বেঁধে তুলে নেন ফিফটি।
আরিফ আহমেদকে চার মেরে লিটন ফিফটি পূর্ণ করেন ৬১ বলে। ৫৬ রান নিয়ে লাঞ্চে গিয়েছিলেন লিটন। লাঞ্চ বিরতির পর ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সেটি পারেননি। ৭৩ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে তাসামুল হককে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
৯০ বলে ১৩টি চারে ৭৩ রানের ইনিংসটি সাজান ২২ বছর বয়সি ব্যাটসম্যান। লিটনের এক ওভার আগে ২২ রান করে ফেরেন মাহমুদুল।
দলীয় ১৫৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অধিনায়ক নাঈম ইসলাম (২২)। এরপর পঞ্চম উইকেট জুটিতে ২৭ রান যোগ করেন নাসির হোসেন ও ধীমান ঘোষ। পরপর দুই ওভারে নাসির (৩০) ও ধীমানের (৭) বিদায়ে খানিকটা চাপে পড়ে রংপুর।
তবে সপ্তম উইকেটে শুভ ও আরিফুল মিলে গড়েন ১১২ রানের বড় জুটি। সেই সঙ্গে দুজনই তুলে নেন ফিফটি। আরিফুল অবশ্য ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি। ৭৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫২ রান করে ইফতেখার সাজ্জাদের বলে সাইফুদ্দিনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
তবে আলাউদ্দিনকে নিয়ে দিনের বাকিটা সময় নিরাপদেই কাটিয়ে দেন শুভ। প্রথম দিন চট্টগ্রামের হয়ে হোসেন আলী ৩টি, মোহাম্মদ সাইফুদ্দিন ২টি এবং আরিফ আহমেদ ও ইফতেখার নিয়েছেন একটি করে উইকেট।
রংপুর প্রথম ইনিংস :
৭৬ ওভারে ৩১৫/৭ (সায়মন ২২, লিটন ৭৩, মাহমুদুল ২২, নাঈম ২২, নাসির ৩০, ধীমান ৭, আরিফুল ৫২, শুভ ৬২*, আলাউদ্দিন ৬*; আলী ৩/৬৪)।

0 comments:
Post a Comment
Thanks for your comments.