বড়ছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশির মৃত্যু


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশির মৃত্যু হয়েছে।


ভারতে খাসিয়াদের পিটুনিতে গতকাল রোববার রাতে ওই বাংলাদেশির মৃত্যু হয় বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম বশির আহমদ (৩৫)।

তিনি তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামের শুকুর আলীর ছেলে। বশির আহমদের লাশ আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগযোগ করা হয়েছে। সুনামগঞ্জ বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে বশির আহমদ তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। পরে সেখানে ট্রাক থেকে তেল চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাঁকে পিটুনি দেয়। এরপরই বশির আহমদ মারা যান। তাঁর লাশ বিএসএফের কাছে আছে।

আজ সোমবার বিজিবির পক্ষ থেকে তাঁর লাশ আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘বশির আহমদ চোর নয়; একজন শ্রমিক। কাজের সন্ধানে তিনি ভারতে গিয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহবুব আলম আজ বেলা দুইটার দিকে বলেন, বড়ছড়া এলাকায় রাখা ট্রাক থেকে তেল চুরির অভিযোগে ভারতে খাসিয়াদের পিটুনিতে বশির আহমদের মৃত্যু হয়েছে বলে বিএসএফ আমাদের জানিয়েছে। তাঁর লাশ আনার প্রক্রিয়া চলছে। এ জন্য বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.