যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিগ্রামের মাধ্যমে পুতিন তাকে অভিনন্দন জানান বলে ক্রেমলিন জানিয়েছে। এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, “রাশিয়া-আমেরিকার মধ্যে যেসব সমস্যা রয়েছে তা দূর করে পুনরায় সম্পর্ক স্থাপনে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন পুতিন। পাশাপাশি বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক ইস্যুতে চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ অনুসন্ধানের ব্যাপারেও জোর দেন তিনি।” মস্কো ও ওয়াশিংটনের মধ্যে গঠনমূলক আলোচনার ব্যাপারেও পুতিন নিশ্চিত বলে জানিয়েছেন।
এদিকে, ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে ডোনাল্ড ট্রাম্পকে ‘উষ্ণ অভিনন্দন” জানিয়েছেন। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি আগ্রহ নিয়ে সামনে তাকিয়ে রয়েছেন বলে বুধবার ফিলিপিন্সের প্রেসিডেন্টের যোগাযোগমন্ত্রী মার্টিন আনদানার এক বিবৃতিতে জানিয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচনে জয়ী এই রিপাবলিকান যুক্তরাষ্ট্রের অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে, তিনি দেখতে চান যুক্তরাষ্ট্র বিদেশের ব্যাপারে কম হস্তক্ষেপ করছে।
এক বিবৃতিতে নাজিব বলেন, “যাদেরকে পেছনে রাখা হয়েছিল তিনি তাদের কাছে এই আবেদন রেখেছিলেন, যারা দেখতে চেয়েছিল তাদের সরকার তাদের মঙ্গলের প্রতিই বেশি মনোযোগ দিচ্ছে-তারাই হোয়াইট হাউজের জন্য ট্রাম্পকে বেছে নিয়েছেন।” মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নয়া অধ্যায়ের উন্মোচন হবে বলে তিনি আশাবাদী।
ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ বলেন, তিনি আশা করেন ট্রাম্পের কাছ থেকে ‘যৌক্তিক সহযোগিতা’ পাবেন। তিনি আরো বলেন, “এটি সহজ বিষয় নয়। কারণ নির্বাচনী প্রচারণার সময় সংরক্ষণবাদিতার কিছু উপাত্তসহ নারী ও সংখ্যালঘুদের সম্পর্কে তার কাছ থেকে দুঃখজনক কিছু শব্দ আমরা শুনেছিলাম।” শুলজ বলেন, “কিন্তু আমার অভিজ্ঞতা বলে, প্রেসিডেন্ট হিসেবে প্রকৃত রাজনীতি আর নির্বাচনী প্রচারণা ভিন্ন বিষয়। আমি আশা করি তার সঙ্গে যৌক্তিক সহযোগিতার সম্পর্ক তৈরি হবে।” তবে তিনি এও বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকাণ্ডকে কঠিন করে তুলবেন। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ও বুধবার ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক অভিনন্দন বার্তায় ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন। আমেরিকার নতুন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের উন্নয়ন দেখতে আসারও আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে মোদী লেখেন, “যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা।”
“ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার লক্ষ্যে আমরা আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।” সূত্র: আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম

0 comments:
Post a Comment
Thanks for your comments.