হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আজ শুক্রবার এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন অমৃত মুন্ডা (৩৫) ও তাঁর স্ত্রী জবা মুন্ডা (৩০)।
দুজনই স্থানীয় লালচাঁন্দ চা বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন। আজ বিকেলে লাশ দুটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই দম্পতি লালচাঁন্দ চা বাগান এলাকায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে তাদের ধারণা, পারিবারিক কলহের জের ধরে তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে চা শ্রমিক জবা মুন্ডা আজ সকালে বিষপান করেন।
এরপর প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে জবা মারা যান। এদিকে এ খবর পেয়ে দুপুরে স্বামী অমৃত মুন্ডাও বিষপান করেন। লালচাঁন্দ বাগানের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অমৃত মুন্ডার ভাই স্বপন মুন্ডা বলেন, কি কারণে তাঁর ভাই ও ভাবি বিষপান করেছেন, তা তাদের কাছে পরিষ্কার নয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করা করছেন, পারিবারিক কলহের কারণে তাঁরা হয়তো আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

0 comments:
Post a Comment
Thanks for your comments.