উয়েফার নিষেধাজ্ঞা থাকায় এমন একটা ম্যাচ কিনা মাঠে বসে দেখতে পারলেন না লেগিয়া ওয়ারশর সমর্থকেরা! চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১১ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩-৩ গোলের ড্র!
ম্যাচের আগে এমনটা কোনো লেগিয়া সমর্থক স্বপ্নেও ভাবতে পেরেছিলেন? পরশু চ্যাম্পিয়নস লিগে এর বাইরে আরেকটি ‘অভাবিত’ ব্যাপার ঘটেছে—গোল পেয়েছেন রাদামেল ফ্যালকাও। তা-ও দুটি! তাতে মোনাকো ৩-০ গোলে হারিয়েছে সিএসকেএ মস্কোকে। এর বাইরে বড় দলগুলোর মধ্যে জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে লিওঁর সঙ্গে, আর বরুসিয়া ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগালকে। চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে লেগিয়া। দুটি ম্যাচই দেখল ছয়টি করে গোল।
তবে লেগিয়া ওয়ারশর সমর্থকেরা মাঠে ছিলেন আগের ম্যাচে। যাতে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল দল, সেদিন মাঠে হট্টগোল করায় রিয়ালের সঙ্গে পরশুর ম্যাচটিতে লেগিয়ার সমর্থকদের মাঠে নিষিদ্ধ করেছিল উয়েফা। ম্যাচটি হলো তাই শ পাঁচেক দর্শকের সামনে, যাতে দুই শ-ই ছিলেন রিয়ালের সমর্থক। শুরুটা অবশ্য এর চেয়ে ভালো কিছু চাইতে পারত না রিয়াল। কিক অফ হতে না হতেই গোল! বাঁ দিক থেকে মার্সেলোর ক্রস, সেটিকে শূন্যেই দুর্দান্ত ভলিতে জালে পাঠিয়ে দিলেন গ্যারেথ বেল। গোল হতে সময় লাগল মাত্র ৫৭ সেকেন্ড! ৩৫ মিনিটে রিয়ালকে আরেকটু এগিয়ে দেন করিম বেনজেমা।
এরপরই চিত্রপটটা গেল বদলে। যা নিয়ে বেলের বিশ্লেষণ, ‘২-০ থাকা অবস্থায় ম্যাচের নিয়ন্ত্রণটা আমাদের হাতেই ছিল। তবে এরপর আমরা মনোযোগ হারিয়ে ফেলি। ফুটবলে এটা হতেই পারে, তবে এমন পর্যায়ে এই ভুল করলে শাস্তি পেতেই হবে।’ শাস্তি পেল রিয়াল। ৪০ মিনিটে রাদিয়াদিয়ার গোলে ব্যবধান কমানো, এরপর দ্বিতীয়ার্ধে রাদোভিচ ও মাউলিনের গোলে অবিশ্বাস্য জয়েরই স্বপ্ন দেখছিল লেগিয়া। যা শেষ পর্যন্ত হয়নি ৮৫ মিনিটে মাতেও কোভাচিচ রিয়ালের তৃতীয় গোলটি করায়।
অনুজ্জ্বল ক্রিস্টিয়ানো রোনালদোকে ইউরোপে তাঁর শততম গোলের জন্য থাকতে হচ্ছে অপেক্ষায়। লেগিয়ার জন্য মহাকাব্যিক ড্র, রিয়ালের জন্য অল্পের জন্য লজ্জা এড়ানো। দলকে ৪-২-৪ ফর্মেশনে খেলানো জিদান অবশ্য আত্মসমালোচনাই করছেন, ‘সবকিছুতেই খামতি ছিল আমাদের—তীব্রতা, খেলোয়াড়দের নড়াচড়া, সব। সবকিছুর জন্য আমিই দায়ী।
শেষ পর্যন্ত আমরা হারিনি, এটাই একমাত্র ভালো দিক। কেমন যেন অদ্ভুত লাগছে।’ অদ্ভুত হয়তো লেগিয়ারও লাগছে, তবে সেটি ভালো লাগার অনুভূতি। এএফপি। এক নজরে মোনাকো ৩ : ০ সিএসকেএ টটেনহাম ০ : ১ লেভারকুসেন ডর্টমুন্ড ১ : ০ স্পোর্টিং লেগিয়া ৩ : ৩ রিয়াল কোপেনহেগেন ০: ০ লেস্টার পোর্তো ১ : ০ ব্রুগা সেভিয়া ৪ : ০ ডায়নামো জাগরেব জুভেন্টাস ১ : ১ লিওঁ * স্বাগতিক দল প্রথমে

0 comments:
Post a Comment
Thanks for your comments.