তুরাগ ভরাট বন্ধ ও দখলমুক্ত করার নির্দেশ হাই কোর্টের


টঙ্গীতে তুরাগ নদী ভরাট বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান,পরিবেশ অধিদপ্তর,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, তুরাগ ও টঙ্গী থানার ওসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

আগামী ২৭ নভেম্বরের মধ্যে নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ বুধবার এই নির্দেশ দেয়।

পাশাপাশি নদী রক্ষায় কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, ভরাট ও স্থাপনা নির্মাণ বন্ধে এবং ভরাট ও দখলকারীদের খরচে অবৈধ স্থাপনা অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। নৌসচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ নয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

গত রোববার একটি ইংরেজি দৈনিক টঙ্গীতে অবৈধভাবে তুরাগ নদী ভরাট,দখল ও স্থাপনা নির্মাণ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি সংযুক্ত করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ পর দিন রিট আবেদন দায়ের করে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। ‘‘তুরাগকে মৃত্যু ঘোষণা সময়ের ব্যাপার’’ শিরোনামে ওই প্রতিবেদনের সূত্র ধরে রিট আবেদনটি করা হয় বলে মনজিল মোরসেদ জানান।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.