সিলেট মহিলা কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নানের আদালতে। চার্জশিটে শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর দক্ষিণ) জেদান আল মুসা সাংবাদিকদের জানান, সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে মামলাটির চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এস আই হারুনুর রশীদ এই চার্জশিট দাখিল করেন। এদিকে মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুস চার্জশিট দাখিল করায় সন্তোষ প্রকাশ করেন। বদরুলের সর্বোচ্চ শাস্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে (২২) চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সমপাদক বদরুল আলম (২৪)। এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন।
গত ২৩ অক্টোবর আদালত এই মামলার চার্জশিট ১৫ নভেম্বরের মধ্যে দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। আদালতের নির্দেশনার ১৫ দিন পর আদালতে মামলাটির চার্জশিট দাখিল করা হলো। আগামী ১৫ নভেম্বর মামলাটির ধার্য তারিখ রয়েছে। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। তার অবস্থা ক্রমশ উন্নতি দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.