নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ তামিম চৌধুরীসহ তিন ‘জঙ্গি’ নিহতের ঘটনায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশের বিশেষ এ শাখার উপমহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার আজ সোমবার গণমাধ্যমকে বলেন, ‘গত ২৭ আগস্ট ঘটনার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়।
কিন্তু মামলাটি তদন্তের জন্য পুলিশ হেডকোয়ার্টারের আইজিপির নির্দেশে দুদিন আগে পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে পিবিআই মামলাটির তদন্ত করবে।’ পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এটা জঙ্গি কার্যক্রমের একটি জটিল মামলা। এখানে যারা ভিকটিম ছিল, যারা জঙ্গি ছিল, তারা সবাই মারা গেছে। সুতরাং আমাদের বিভিন্ন সূত্র ধরে আবিষ্কার করতে হবে জঙ্গি ঘটনার পেছনে কারা জড়িত, তাদের সহযোগী কারা ছিল, কোথা থেকে অস্ত্র এসেছে এবং কারা কারা ভবিষ্যতে এদের দলের অন্তর্ভুক্ত হতে পারে ও পারত। এগুলো খুঁজে দেখাই আমাদের কর্তব্য।
এ কারণে এ মামলাটি নিষ্পত্তি করতে আমাদের সময় লাগবে।’ গত ২৭ আগস্ট সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার নুরুদ্দীন দেওয়ানের বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি গত শনিবার পুলিশের কাছ থেকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
মামলার দায়িত্ব পাওয়ার পর পিবিআই আজ দুপুরে সেই বাড়ির তিনতলার যে ফ্ল্যাটটিতে তামিম চৌধুরীরা বসবাস করতেন সেখান থেকে কিছু নতুন আলামতও সংগ্রহ করে। ‘জঙ্গিরা’ ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে এই বাড়িটি ভাড়া নিয়েছিল। কিন্তু নিয়ম অনুযায়ী বাড়ির ভাড়াটিয়াদের যেসব তথ্য-প্রমাণ নেওয়ার কথা, তা নেননি বাড়ির মালিক নুরুদ্দীন দেওয়ান। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা বাহিনী নুরুদ্দীন দেওয়ানসহ নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নুরুদ্দীন ছাড়া অন্য সবাইকে ছেড়ে দেওয়া হয়।
নুরুদ্দীন গত ১১ অক্টোবর জামিন পান। বাড়ির মালিক নুরুদ্দীন দেওয়ান জানান, তিনি এখন এই বাড়িতেই থাকছেন। কিন্তু তৃতীয় তলার ফ্ল্যাটের চাবি এখনো তাঁকে দেয়নি পুলিশ। এ ব্যাপারে বনজ কুমার মজুমদার বলেন, ‘এটি একটি আইনি প্রক্রিয়া। এখানে আরো আলামত আছে। আমরা চেষ্টা করব মালিকের ক্ষতি না করে যত দ্রুত সম্ভব বাড়িটি অবমুক্ত করে দিতে।’ আজ বাড়ি পরিদর্শনের সময় পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক সাইদুর রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.