ভারতে ব্ল্যাকমানি (কালোমুদ্রা) রুখতে মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১২টার পর থেকে প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোট অবৈধ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়ে দিয়েছেন, এসব নোট আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাংক ও পোস্ট অফিস থেকে বদল (অন্যান্য ছোট নোটের সঙ্গে) করে নিতে হবে।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি জানান, প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোটের পরিবর্তে বাজারে এ অংকের নতুন নোট ছাড়া হবে। মোদীর তার ভাষণে জানান, ৫০০ ও ১০০০ রুপির নোট বাজারে লেনদেন অবৈধ হলেও স্বাভাবিক থাকবে প্রচলিত অন্যান্য মুদ্রার লেনদেন ও বিনিময়। তবে, রেলওয়ে এবং হাসপাতালগুলোতে আগামী ৭২ ঘণ্টা (১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত) লেনদেন করা যাবে অবৈধ ঘোষিত নোট দু’টি।
ভারতীয় প্রধানমন্ত্রী আরও জানান, নোট দু’টির অবৈধ ঘোষণা কার্যকরে বুধবার (৯ নভেম্বর) দেশজুড়ে সব ব্যাংকের গ্রাহকের কার্যক্রম বন্ধ থাকবে। তবে, ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে। কোনো কোনো এলাকায় এটিএম বুথ পর্যন্ত বন্ধ থাকবে।
দু’টি শীর্ষ নোট অবৈধ ঘোষণার আগে প্রধানমন্ত্রী মোদী ভারতের অর্থনৈতিক বিকাশ নিয়ে কথা বলেন। তিনি জানান, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ভারতকে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র বলে মনে করে। কিন্তু এখানকার অর্থনৈতিক বিকাশের প্রধান অন্তরায় দুর্নীতি ও ব্ল্যাকমানি। এসময় তিনি কালোমুদ্রা জব্দের ফিরিস্তি তুলে ধরেন। তুলে ধরেন কালোবাজারের বিবরণও। মোদী দেশবাসীর উদ্দেশে বলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’ই আমাদের লক্ষ্য-উদ্দেশ্য (সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়নে কাজ করা।

0 comments:
Post a Comment
Thanks for your comments.