কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন


কাশ্মীর সীমান্তে আজ রোববার পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল।

এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের ‘অনুপ্রবেশকারীদের’ রুখে দেওয়ার সময় গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হন। আরেকটি পৃথক ঘটনায় নিহত হন আরেক সেনাসদস্য।


 টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখার কাছে কৃষ্ণ ঘাঁটিতে অনুপ্রবেশে সহায়তা করতে পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালায়। এতে সেনাবাহিনীর দুই জওয়ান নিহত হন। এ ছাড়া পুঞ্চ সেক্টরে গোলাগুলির সময় আরও দুই জওয়ান আহত হন।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, অনুপ্রবেশের চেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে। পাশাপাশি পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে ভারী আঘাত হেনে মারাত্মক ক্ষতিসাধন করেছে। এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেন, কৃষ্ণ ঘাঁটি সেক্টরে আজ সকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার সময় এক সেনাসদস্য নিহত হয়েছেন। পুঞ্চ সেক্টরে সীমান্তে গোলাগুলিতে আরেক সেনা নিহত ও দুজন আহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সেলিমা আক্তার নামের পুঞ্চের এক বাসিন্দা আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে জঙ্গি হামলায় দেশটির ১৯ সেনা নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনা চরমে ওঠে। ওই ঘটনার পর থেকে নিয়ন্ত্রণরেখাজুড়ে (এলওসি) উভয় দেশের সেনাদের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেসামরিক লোক নিহত হচ্ছেন।

উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ‘বিনা উসকানিতে গোলাগুলির’ অভিযোগ তুলছে। গত সপ্তাহে গোলাগুলিতে স্থানীয় দুই দেশের ১৪ জন নিহত হলে উভয় দেশের কর্তৃপক্ষ কাশ্মীর সীমান্ত এলাকার শতাধিক স্কুল বন্ধ করে দেয়।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.