শহীদের জায়গায় নিউজিল্যান্ড সফরে রুবেল


ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ শহীদ। নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ক্যাম্পের জন্য ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে ছিলেন শহীদ। 


আর প্রাথমিক দলের বাইরে অপেক্ষমাণ তালিকাতে ছিল রুবেল হোসেনের নাম। কিন্তু মোহাম্মদ শহীদের দুর্ভাগ্য সৌভাগ্য হয়ে এসেছে রুবেলের জন্য। যদিও শহীদের পরিবর্তে কামরুল ইসলাম রাব্বির সম্ভাবনা ছিল সবচেয়ে উজ্জ্বল। কিন্তু বিপিএলে বাজে শুরু করলেও শেষ দিকে এসে রংপুর রাইডার্সের হয়ে দারুণ বোলিং করেন রুবেল।

এতেই শেষ পর্যন্ত দলে তাকে জায়গা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল জাতীয় দলের নির্বাচক প্যানেলের সভা শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘শহীদের ইনজুরি থাকায় আমরা রুবেলকে বদলি হিসেবে নিয়েছি।’ বিপিএলে সেরা পারফরমারদের মধ্যে অন্তত আরো দু’জন এই দলে সম্পৃক্ত হতে পারে বলেও জানান প্রধান নির্বাচক। তবে এখনই তাদের নাম বলেননি তিনি। বিদেশের মাটিতে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ পূর্ণাঙ্গ দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ দল।

এরপর ২০১৫ সালে শুধু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বাংলাদেশ দল ওয়ানডে বিশ্বকাপ খেলতে যায়। সর্বশেষ বিদেশ সফর ছিল ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় দুই বছর পর বিদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। এই সিরিজে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহীম বাহিনী। দীর্ঘদিন পর দেশের বাইরে দ্বি-পাক্ষিক সিরিজ হওয়াতে তাই দল নিয়ে বেশি ভাবতে হচ্ছে নির্বাচকদের। বিশেষ করে নিউজিল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনে।

২২ সদস্যের প্রাথমিক দলে পেসার হিসেবে রাখা হয়েছিল মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, শুভাশিষ রায়, ইবাদত হোসেন ও মো. শহীদকে। মূলত মাশরাফি আর তাসকিন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলবেন। এই দুই ফরমেটে খেলবেন ইনজুরি কাটিয়ে ফেরা মোস্তাফিজও। ওয়ানডেতে চার পেসার নিয়ে খেললে অধিক সম্ভাবনা শফিউলের খেলার সেক্ষেত্রে টেস্টের জন্য বিবেচিত ছিলেন শহীদ। কিন্তু তার পরিবর্তে টেস্টে বাজে গড়ের রুবেল হোসেনকে দলে নেয়াটা কতটা যৌক্তিক তা সময়ই বলে দিবে। এ পর্যন্ত ২৩ টেস্টে ৭৫.৯০ গড়ে ৩২ উইকেট নিয়েছেন এই পেসার। সেরা শিকার ম্যাচে ২১০ রান দিয়ে মাত্র ৫ উইকেট। টেস্টে একবারই পাঁচ উইকেট পেয়েছেন তিনি ২০১০ সালে নিউজিল্যান্ড সফরে। দেশের বাইরে এ পর্যন্ত ৮ টেস্ট খেলে তার শিকার ১৮টি উইকেট।

তবে নানা বিতর্কে জড়িয়ে ক্রিকেট ক্যারিয়ারই শেষ হতে বসেছিল রুবেল হোসেনের। অবশেষে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে নিজেকে ফিরে পান তিনি। এরপর অবশ্য ইনজুরি ও নানা অনিয়মের কারণে ফের বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। এবার দেশের মাটিতে আফগানিস্তান সিরিজে দুটি ওয়ানডে খেলার পর দলে জায়গা হারান রুবেল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাননি সুযোগ।

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ভালো খেলে দাবিটা জানিয়েই রেখেছিলেন এই পেসার। ১২ ম্যাচে ২১.০৬ গড়ে ১৫ উইকেট নেন রুবেল। সেরা ৩/২৫। গত ২৬শে নভেম্বর গত শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় চার বাঁচাতে গিয়ে চোট পান ঢাকা ডায়নামাইটসের পেসার শহীদ। গত রোববার বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, আরো দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে শহীদকে।

দুই তিন দিনের মধ্যে আবার রিভিউ করে পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়াও বিশ্রামে সুস্থ না হলে লাগতে পারে অস্ত্রোপচার। তাই শহীদের যে আর কোনো আশা নেই তা ছিল সাধারণ অনুমেয়। আগামী ৮ ও ১০ই ডিসেম্বর দুই ভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। সিডনিতে ক্যাম্প শেষে ১৮ই ডিসেম্বর দল যাবে নিউজিল্যান্ডে।

প্রস্তুতি ক্যাম্পের প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানভির হায়দার। স্ট্যান্ড বাই: শাহরিয়ার নাফীস, আবদুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.