আওয়ামী লীগের একটি দপ্তর হিসেবে ইসি ব্যবহার করা হচ্ছে : রিজভী


আওয়ামী লীগের একটি দপ্তর হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েন না করার ঘোষণা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রমাণ করেছেন, শাসক দল যেভাবে চায়, সেভাবে তারা নির্বাচন পরিচালনা করবেন। আজ রোববার সকালে পাবনা জেলা ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে রিজভী এ অভিযোগ করেন ।

বিএনপি নেতা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কী হবে, শাসকদলের অনুকূলে করার জন্য কী কী করতে হবে সে চাবিটি প্রধানমন্ত্রী কাজী রকিব উদ্দিনের কাছে পাঠিয়েছেন।

মানুষের বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্রে বিরোধী দলের অধিকার, সমাবেশ করার অধিকার, মিছিল করার অধিকার, নির্বাচন করার অধিকার- সব হরণ করেছে এই বিনা ভোটের সরকার নির্বাচন কমিশনকে দিয়ে। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে মর্যাদা দেয়নি। বরং আওয়ামী লীগের একটি দপ্তর হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে ব্যবহার করেছেন।

প্রধানমন্ত্রী যা বলেছেন, শাসকদল যা বলছে, প্রধান নির্বাচন কমিশনার সেটাই করছেন। এর বাইরে এক ধাপ এক পা তিনি দেননি। এত চাটুকার এত মোসাহেব প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন ছাড়া আর কেউ এসেছিল কি না আমার জানা নেই। এবার প্রতিটি মানুষ আশা করেছিল, হয়তো তাদের এই শেষ রায়ে একটা অবাধ নির্বাচন করবেন কিন্তু সেই আশা তিনি ভঙ্গ করেছেন সেনা মোতায়েন না করে। এর আগে সকালে শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।

জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াছ আহমেদ হিমেল রানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সম্পাদক অধ্যাপক ড. মামুন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ জেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.