ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে পুনরায় পরীক্ষা গ্রহণের রিট আবেদন


প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে পুনরায় পরীক্ষা গ্রহণের আর্জি জানিয়ে রিট করা হয়েছে হাইকোর্টে

প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে পুনরায় পরীক্ষা গ্রহণের আর্জি জানিয়ে রিট করা হয়েছে হাইকোর্টে।

 রোববার আইনজীবী আ স ম সায়েম আলী পাঠান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

 ইউজিসির চেয়ারম্যান, সচিব, ঢাবির ভিসি, প্রো-ভিসি রেজিস্ট্রার,পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিনকে রিটে বিবাদী করা হয়েছে।

 এর আগে গত ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ দেন ওই আইনজীবী। এর আগে ঢাবি ‘ঘ’ ইউনিটে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রাকিবুল হাসানের পক্ষে এ নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পাওয়ায় এই রিট করা হয়।

 ওই নোটিশে বলা হয়েছে, ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনিয়ম করে টাকার বিনিময়ে মেধা তালিকায় স্থান দেয়া হয়েছে। ফলে মেধাবীরা বঞ্চিত হয়েছে। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

 নোটিশে আরো বলা হয়, বিভিন্ন পত্রিকায় এসেছে ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। ফলে প্রকৃত মেধাবীরা যথাযথভাবে মূল্যায়িত হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত না করলে উচ্চ আদালতে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল।

নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় এই রিট আবেদন করা হয়েছে বলে জানান আইনজীবী আ স ম সায়েম আলী পাঠান।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.