কুপিয়ে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজন আটক


মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাহার আলিফ (১৪) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।


গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। নিহত স্কুলছাত্র আলিফ উপজেলার লতব্দি ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের সৌদিপ্রবাসী শেখ বাদল হোসেনের ছেলে।

সে স্থানীয় শেখ মীয়ার হোসেন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আলিফ গতকাল দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেল হতে চললেও সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা তিনটায় বাড়ির কাছে একটি খালের কচুরিপানার নিচে এলাকাবাসী তার পা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত স্কুলছাত্রের পরিবার বলেছে, তাদের সঙ্গে কারও শত্রুতা ছিল না। তবে তার হাতে বিদেশি দামি মুঠোফোন থাকায় কেউ তাকে মেরে ফেলে সেটি নিয়ে গেছে বলে ধারণা তাদের। সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বলেন, ছেলেটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

তার শরীরে অস্ত্রের ৩৮টি জখমের চিহ্ন রয়েছে। তাকে কোপানোর পর শ্বাসরোধে হত্যা নিশ্চিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তে এ ব্যাপারে জানা যাবে। তাকে হত্যায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.