রাজধানীর কামরাঙ্গীর চরে পারভেজ হোসেন নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় বখাটেরা।
আজ শুক্রবার ভোরে কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রের বাবা কামাল হোসেন বলেন, ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে এক মাস আগে স্থানীয় বখাটেদের সঙ্গে পারভেজের কথা-কাটাকাটি হয়েছিল।
স্থানীয় মুরুব্বিরা বিষয়টির মীমাংসাও করে দিয়েছিলেন। আজ ভোরে আলোড়ন স্কুল অ্যান্ড কলেজের বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে কাঠপট্টি এলাকার জনি মার্কেটের সামনে ২০-২৫ জন যুবক পারভেজকে মারধর করে।
বাঁ পায়ে চাপাতির কোপ ও রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেছে বখাটেরা। পারভেজ এবার এসএসসি পরীক্ষা দেবে।
যারা মারধর করেছে তারা কেউ পড়ালেখা করে না, বখাটে। আহত পারভেজকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কামরাঙ্গীর চর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম বলেন, মারামারির ঘটনা তাঁরা শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

0 comments:
Post a Comment
Thanks for your comments.