৫৫ কারখানা বন্ধ অনির্দিষ্টকালের জন্য




সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন দমাতে সেখানকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বিজিএমইএ।


আজ মঙ্গলবার বিকেলে বিজিএমইএর সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান বলেন, কারখানা যতদিন বন্ধ থাকবে ততদিন কোনো বেতন পাবেন না শ্রমিকরা।

 এই ঘোষণার ফলে সাভারের আশুলিয়ায় অবস্থিত প্রায় ৫৫টি পোশাক কারখানা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে তিনি জানান।

 কারখানা বন্ধের বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নয়দিন যাবৎ আশুলিয়া অঞ্চলে শ্রম সমস্যা বিরাজ করছে।

 শুরুতে একটি কারখানায় সমস্যা থাকলেও পরে তা তিন থেকে চারটি কারখানার মধ্যে সীমাবদ্ধ থাকে। গত তিনদিনে এ সমস্যা প্রতিনিয়ত বাড়ছে।

শ্রমিকরা কারখানায় এসে তাদের কার্ড পাঞ্চ করে বেরিয়ে যাচ্ছে। আমাদের কারখানার মালিকরা এ বিষয়ে যথেষ্ট ধৈর্য ধরেছে।’

 ‘গতকাল রাতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে কারখানা চালু করার ও শ্রমিকদের কাজে যোগদানের সিদ্ধান্ত হয়।

 কিন্তু শ্রমিকরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।’ সিদ্দিকুর রহমান সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের এ শিল্পকে নিয়ে যারা চক্রান্ত করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিন।

 প্রয়োজন হলে সংসদে নতুন আইন প্রণয়ন করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। যাতে করে আর কেউ শিল্পকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

পাশাপাশি দেশের শিল্প-কারখানা চালানোর জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দিন।’

 ন্যূনতম মজুরি বাড়ানো, বার্ষিক ছুটির বিপরীতে এবং চাকরির বয়স পাঁচ বছর হলে বছরে একটি করে মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আশুলিয়া এলাকায় আন্দোলন করছেন তৈরি পোশাক শ্রমিকরা।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.