নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য মহানগর আওয়ামী লীগ কেন্দ্রের কাছে দলীয় তিন নেতার প্রস্তাব করবে। সেই তিনজনের মধ্যে সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নাম নেই।
জেলা আওয়ামী লীগের এ সহসভাপতি তৃণমূল নেতাকর্মীদের সমর্থন পাননি বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের নেতারা। আজ মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের বর্ধিক সভায় কেন্দ্রের কাছে সুপারিশের জন্য তিনজনের নাম চূড়ান্ত করেছে।
এরা হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান এবং বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ। নারায়ণগঞ্জ সার্কিট হাউজে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
সেখানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বর্ধিত সভা শেষে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল সাংবাদিকদের জানান, তিনজনের নাম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
২০ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই নাম পাঠানো হবে। নাম ঘোষণার পর মনোনয়নের জন্য নগর আওয়ামী লীগের প্রস্তাবনায় থাকা তিন নেতাই প্রায় একই রকম প্রতিক্রিয়া জানিয়েছেন গণমাধ্যমের কাছে। তাঁরা জানান, তৃণমূল নেতাকর্মীদের সমর্থনেই তাঁদের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের বেশ গুরুত্ব দেন। তাই দলের জন্য ভালো হয় এমন একজনকেই মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী এমনটাই আশা করছেন তাঁরা।
গতকাল সোমবার নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৪ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে আগামী ২৬ ও ২৭ নভেম্বর। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ ডিসেম্বর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইতিহাসে এটি দ্বিতীয় নির্বাচন।
২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল এ তিনটি পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। একই বছর ৩০ অক্টোবর প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে সিটির প্রথম মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভি। তিনি বাংলাদেশের প্রথম নারী যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আইভি বিলুপ্ত হওয়া নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবার সংসদ সদস্য হওয়ায় আইনি বাধ্যবাধকতার কারণে শামীম ওসমান নির্বাচন করতে পারছেন না।

0 comments:
Post a Comment
Thanks for your comments.