ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে আগুনে একটি পোশাক কারখানার বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংহপুরের মেডলার অ্যাপারেলসের আটতলা ভবনের নিচতলার গুদামে আগুন ধরে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়।
আগুনের তীব্রতা বেড়ে গেলে টঙ্গী, মিরপুর, উত্তরা, সাভার ও ঢাকার প্রধান কার্যালয় থেকে আরও নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আগুন নেভায়। গতকাল সকাল আটটার দিকে ঘটনাস্থলে গেলে কারখানার মূল ফটকে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি।
ফটক থেকে ফোনে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁরা অপারগতা প্রকাশ করেন। তবে ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, গুদামে পোশাক তৈরির কাপড়, বোতামসহ কাগজের বাক্স ছিল। আগুনে ওই সব মালামালের আংশিক পুড়ে গেছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.