নিজ অ্যাপার্টমেন্টে মারধরের শিকার মল্লিকা শেরাওয়াত!


এবার নিজ অ্যাপার্টমেন্টে দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার হলেন বলিউড তারকা মল্লিকা শেরাওয়াত!


টিয়ার গ্যাস ছুড়ে নাজেহাল করে দিয়ে নায়িকা এবং তার এক বন্ধুকে বেধড়ক মারধর করল দুর্বৃত্তরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই দিন প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে এক বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলেন মল্লিকা। তার নাম সিরিল অক্সেনফ্যানস। এমন সময়ে আচমকাই দরজা ঠেলে তিন জন দুর্বৃত্ত অ্যাপার্টমেন্টে প্রবেশ করে।

তাদের মুখ ছিল স্কার্ফে ঢাকা। আত্মরক্ষার কোনও সুযোগ না দিয়েই তারা মল্লিকা এবং তার বন্ধুকে উদ্দেশ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। ধোঁয়ায় ঘর ভরে যায়। আকস্মিক এই আক্রমণে যখন নাজেহাল নায়িকা এবং তার বন্ধু, তখনই দুর্বৃত্তরা তাদের মারধর শুরু করে। বেশ কিছুক্ষণ নির্মম প্রহারের পর দুজনকে ফেলে তারা অ্যাপার্টমেন্ট ছেড়ে পালিয়ে যায়।

 এই প্রথম দুর্বৃত্তদের হাতে এরকম ভাবে নাজেহাল হলেও মল্লিকার উপর হামলার চেষ্টা আগেও চালানো হয়েছিল। জয়পুরে ২০১৩ সালে তিনি যখন ‘ভনওয়ারি দেবী’ ছবির শুটিং করছিলেন, সেই সময়েও তার উপর হামলা চালানোর চেষ্টা করা হয়। সে বার অবশ্য নায়িকা আত্মরক্ষা করতে সমর্থ হন, ঠিক সময়ে পালিয়ে যেতে পেরেছিলেন অকুস্থল থেকে।

 অনুমান করা হচ্ছে, খোলামেলা স্বভাবের জন্য কোনও রক্ষণশীল সন্ত্রাসবাদী দলের আক্রমণের শিকার হয়েছেন মল্লিকা। নায়িকা নিজে যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করছেন না। এমনকী, তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেননি। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.