এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে


জামালপুরের অধিকাংশ স্কুলে সএএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ফলে শিক্ষার্থীরা অর্থের অভাবে তাদের ফরম পূরণ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে।


শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জানায়, জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রতিষ্ঠানের প্রধানগণ সহ পরিচালনা কমিটি অতিরিক্ত ফি আদায় করে যাচ্ছেন। যেন দেখার কেউ নেই। ফলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বেঁধে দেয়া সময়সূচী পেরুলেও অতিরিক্ত অর্থ আদায়ের জন্য শিক্ষার্থীরা ফরম পূরণে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জেলার ভাটারা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করে বলেন, এ বিদ্যালয়ে মোট ২৫৪ জন এসএসসি পরীক্ষার্থী মধ্যে এ পর্যন্ত মাত্র ৮ থেকে ১০জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

বাকিরা অতিরিক্ত ফি আদায়ের জন্য ফরম পূরণ করতে পারছে না। তারা অরো অভিযোগ করে বলেন, এ প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ভাটারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল। তার সমর্থনে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম নানা অজুহাত দেখিয়ে ফরম পূরণে ৪ হাজার ৫শত টাকা করে ফি আদায় করে যাচ্ছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন বাদল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ৪ হাজার ৫শ টাকার নিচে কোন ক্রমেই ফরম পূরণ করতে দেয়া হবে না।

যদি পারেন আপনারা আমার বিরুদ্ধে পত্র-পত্রিকায় সংবাদ প্রচার করুন। তাতেও আমার কিচ্ছু যায় আসে না। ভাটারা স্কুল এন্ড কলেজ ছাড়াও হাজীপুর উচ্চ বিদ্যালয়, আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, এয়ারখান উচ্চ বিদ্যালয়, আর ইউটি উচ্চ বিদ্যালয়, বাউসি বাঙ্গালী উচ্চ বিদ্যালয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, কামালখান হাট উচ্চ বিদ্যালয়, নারীকেলী উচ্চ বিদ্যালয়, গোদাশিমলা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়সহ চরপাড়া এসএম দাখিল মাদ্রাসা, মহিষাবাদুরিয়া দাখিল মাদ্রাসায় অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ করছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে সরিষাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ফরম পূরণের অনিয়মের কথা শুনেছি। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে জানাবো, তার নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যারা এ ধরণের দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.