যশোর শহরে দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে একজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ। শহরের খোলাডাঙ্গা সারগুদাম এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে গোলাগুলি হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন।
নিহত হাফিজুর রহমান মরা (৩৫) শহরের ষষ্ঠিতলাপাড়ার শফি মিয়ার ছেলে। ওসি ইলিয়াস বলছেন, রাত দেড়টার দিকে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে পুলিশ খবর পায়। পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
“সেখান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা তাকে কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরা বলে শনাক্ত করেন।’ যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনে পুলিশ। তার মাথার বাম পাশে একটি গুলি লেগেছে।
হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। ওসি বলেন, হাফিজুর রহমান মরা শহরের ষষ্ঠিতলাপাড়ার কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস।


0 comments:
Post a Comment
Thanks for your comments.