অভিনেতা বাপ্পী চৌধুরী মামলা করলেন :ডাবিং


জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত ‌'আমি তোমার হতে চাই' চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন ও প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের বিরুদ্ধে মামলা করলেন অভিনেতা বাপ্পী চৌধুরী।



সেই সঙ্গে মামলায় আসামি হিসেবে আরো রাখা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ডেভেলপমেন্ট করপোরেশন-বিএফডিসি'কেও। বাপ্পী বলছেন, উপায়ন্তর না পেয়ে আমি মামলা করতে বাধ্য হয়েছি, পরিচালককে অসংখ্যবার অনুরোধ করেছি, ‍তারা রাখছেন না। গত সোমবার ঢাকা জজকোর্টে মামলাটি করেন অভিনেতা বাপ্পী, যার নম্বর ৪০৫/২০১৬।

মামলায় বাপ্পির দাবি, অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র আমি তোমার হতে চাইতে তাঁকে বাদ দিয়ে অন্য একজনকে দিয়ে শব্দ সংযোজন (ডাবিং) করানো হয়েছে, যা তাঁর সঙ্গে চুক্তিভঙ্গ ও তাঁর ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে অভিনেতা বাপ্পীর সঙ্গে কথা হয় ইত্তেফাক অনলাইনের। বাপ্পী বলেন, সিনেমায় অভিনয় করছি, আমার ভয়েস দর্শক-শ্রোতারা শুনবেন, এটা তো আমার অধিকার। আমাকে এখানে বিকৃত করা হয়েছে।

অভিনয় করছি আমি, কিন্তু ভয়েস আমার না, বিষয়টা খুবই হতাশার। আর এই শিল্পে আমি তো নতুন কেউ না, অসংখ্য সিনেমায় বড় বড় নির্মাতাদের সঙ্গে কাজ করেছি, তারা তো ভয়েস নিয়ে কোন ঝামেলার কথা বলেন নি। তাহলে এখানে কেন? বাপ্পী হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি তাদের অনুরোধ করেছিলাম আমার ভয়েসটা চেঞ্জ না করতে।

কোন টাকা পয়সা তো আমি চাই নি। তারা আমার ভয়েস বাদ ডাবিং কণ্ঠ বসিয়ে সিনেমা রিলিজ করছে’। আদালতে হোক আর মীমাংসায় হোক, অভিনেতা বাপ্পীর দাবি, পরিচালক অনন্য মামুন যাতে তার 'আমি তোমার হতে চাই' সিনেমায় ডাবিং ভয়েস ব্যবহার না করে বাপ্পির কণ্ঠ দর্শকরা খুঁজে পান। এদিকে নির্মাতা অনন্য মামুন বিষয়টি নিয়ে বুধবার সকালে তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার প্রযোজক আমাকে বললেন, মামুন ভাই কালার কারেকশন সাউন্ড সব কাজ ইন্ডিয়া থেকে করান। আমি বেস্ট চাই সব কিছুতে। যে প্রযোজক একটা ভালো কাজের জন্য এত সহযোগিতা করলেন, তাকে আজ আদালতে যেতে হলো। কাল আমার প্রযোজক আমাকে কল করে বললেন, মামুন ভাই ভালো সিনেমা বানিয়ে আমাকে কেন আদালতে যেতে হলো’!

উল্লেখ্য, ভারতে অবস্থান করছেন ছবিটির পরিচালক অনন্য মামুন। ডাবিং সংক্রান্ত এ বিতর্কে অভিনেতা বাপ্পীর দাবি, বারবার বলার পরও তাকে দিয়ে ডাবিং না করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেটা তিনি মানতে নারাজ। অন্যদিকে নির্মাতা অনন্য মামুনের দাবি, ভুল উচ্চারণে তার সিনেমা রিলিজ হবে না। শেষমেষ সামনে কী দাড়াচ্ছে! উল্লেখ্য, বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা সাহা মিম জুটির নতুন ছবি ‘আমি তোমার হতে চাই’ কোন-রকম কর্তন ছাড়া ছাড়পত্র পায় গত ৬ নভেম্বর রবিবার।

হলিউড বলুন, আর বলিউড বলুন সিনেমা প্রিমিয়ারের অন্যতম মোক্ষম হাতিয়ার এখন আলোচনা, তবে সেই আলোচনা যদি সমালোচনার পথে যাচ্ছে অনেক চলচ্চিত্র, এবার কি ‌'আমি তোমার হতে চাই' কি সে পথেই হাটছে! অন্যদিকে সিনেমাটির প্রযোজক প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত অভিনেতা বাপ্পীর বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিবেন, এমন খবর শোনা যাচ্ছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.