শচীন টেন্ডুলকার নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যেখানে পৌঁছানোর কথা অনেকে কল্পনাই করতে পারেন না। ২৪ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ব্যাটিং রেকর্ডের প্রায় সব কিছুই নিজের দখলে নিয়েছেন ভারতের এই কিংবদন্তি।
তবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারবেন কি না, সে প্রশ্ন জোরেসোরেই উঠেছে ক্রিকেট অঙ্গনে। টেস্টে ধারাবাহিকভাবে ভালো নৈপুণ্য দেখিয়ে সেই সম্ভাবনা প্রতিনিয়তই জোরদার করছেন ক্যাপটেন কুক। বাংলাদেশ সফরে খুব বেশি জ্বলে উঠতে পারেননি ইংল্যান্ডের বাঁ-হাতি এই ওপেনার। তবে প্রিয় প্রতিপক্ষ ভারতের বিপক্ষে আবার রানের ধারায় ফিরেছেন কুক। রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ২১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন টেস্ট ক্যারিয়ারের ৩০তম শতক। আরো একটি মাইলফলকের পথে এগিয়ে গেছেন অনেকখানি।
বেশ কয়েকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের সেরা এই ব্যাটসম্যান। দারুণ এই শতকের পর টেস্টে কুকের সংগ্রহ দাঁড়িয়েছে ১০ হাজার ৮৩৯ রান। আর মাত্র ১৬১ রান করলেই টেস্ট ইতিহাসের দশম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন কুক
১৫ হাজার ৯৫১ রান নিয়ে এখনো অবশ্য অনেক উপরেই আছেন টেন্ডুলকার। তবে কুক যেভাবে খেলে যাচ্ছেন তাতে এক সময় তিনি যদি টেন্ডুলকারকে ছাড়িয়ে যান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেটা কুক পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শতক করে বেশ কিছু নতুন রেকর্ড গড়ে ফেলেছেন কুক। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি, ১২টি শতকের রেকর্ড এখন শুধুই কুকের। আগে ১১টি শতক নিয়ে এই রেকর্ডটি তিনি ভাগাভাগি করে নিচ্ছিলেন গ্রাহাম গুচের সঙ্গে। কুকের মোট ৩০টি শতকের ১২টিই এসেছে তৃতীয় ইনিংসে ব্যাটিং করে। এখানে কুক ভাগ বসিয়েছেন কুমার সাঙ্গাকারার রেকর্ডে।
আগে তৃতীয় ইনিংসে ১২টি শতক করার রেকর্ড এককভাবেই ছিল সাঙ্গাকারার দখলে। ভারতের বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি শতকের রেকর্ডও নতুন করে গড়েছেন কুক। ভারতে বিদেশি ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি শতকের রেকর্ড ছিল এভারটন উইকসের দখলে। ভারতের মাটিতে মোট চারটি শতক করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটসম্যান। আর কুক ভারতে গিয়ে করেছেন পাঁচটি শতক।
২০১৬ সালে কুক এখন পর্যন্ত করেছেন ১০৫২ রান। এ নিয়ে পঞ্চমবারের মতো এক পঞ্জিকাবর্ষে এক হাজারের বেশি রান করলেন ইংল্যান্ডের এই তারকা। সবচেয়ে বেশি ছয়বার হাজার রানের রেকর্ডটি আছে টেন্ডুলকারের দখলে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.