তিন দিনের সফরে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর।
প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতির জন্য ইতিমধ্যে পররাষ্ট্র সচিব শহীদুল হক দিল্লি ঘুরে এসেছেন। আর ওই সফরকে সামনে রেখেই বাংলাদেশে আসছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর। জানা যায়, ভারতের মন্ত্রীর ঢাকা সফরে নতুন প্রতিরক্ষা সহযোগিতার ফ্রেমওয়ার্ক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে।
যার আওতায় সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তির স্থানান্তর, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার সুযোগ বাড়বে। একইসঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার হবে। ঢাকা সফরকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক ও তিন বাহিনীর প্রধানগণের সঙ্গেও সাক্ষাত্ করবেন তিনি। উল্লেখ্য, প্রায় দুই দশকে কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।
এদিকে সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই দিন আগে চীন তাদের দেশে তৈরি দুটি কনভেনশনাল সাবমেরিন বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়টি ঢাকা-বেইজিংয়ের মধ্যে বিস্তৃত সামরিক সহযোগিতার সম্পর্কেই প্রতিফলিত করে। গত অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেছেন। ওই সফরে ২৫ বিলিয়ন ডলারের ২৭টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশে চীনের কৌশলগত উপস্থিতি বৃদ্ধির এমন প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রীর এ সফর খুবই গুরুত্বপূর্ণ। চীনের প্রভাব ঠেকাতেই প্রতিরক্ষামন্ত্রীকে ঢাকায় পাঠাচ্ছে ভারত সরকার।

0 comments:
Post a Comment
Thanks for your comments.