পাবনার সুজানগর উপজেলা সদরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের নাম জাতীয়করণের জন্য ঘোষিত তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার স্থানীয় লোকজন উপজেলা পরিষদে তালা লাগিয়ে বিক্ষোভ করেন।
এ সময় সড়ক অবরোধও করা হয়। এতে দিনভর উপজেলা প্রশাসনের কার্যক্রম ব্যাহত হয়। পৌর সদরে ব্যবসাপ্রতিষ্ঠান ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীদের দাবি, জাতীয়করণের জন্য তালিকাভুক্তির পাঁচ মাস পর মিথ্যা অভিযোগে কলেজটির নাম বাদ দেওয়া হয়েছে। ফলে তাঁরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
কলেজ প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি সরকার জাতীয়করণ করার জন্য সারা দেশের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের নাম ছিল। সম্প্রতি নামটি বাদ দিয়ে একই উপজেলার দুলাই ইউনিয়নের ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজকে তালিকাভুক্ত করা হয়েছে।
কলেজ জাতীয়করণ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক আবদুল মজিদ বলেন, ‘জাতীয়করণের সব শর্ত পূরণ সাপেক্ষে আমাদের কলেজটি তালিকাভুক্ত করা হয়েছিল। তাই তালিকা থেকে বাদ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কলেজটি পুনরায় তালিকাভুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।’

0 comments:
Post a Comment
Thanks for your comments.