আবারও পাল্টাপাল্টি গুলি হয়েছে ভারত ও পাকিস্তানের


ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় আবারও পাল্টাপাল্টি গুলি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ, ভারতের গোলাবর্ষণে তাদের সেনাবাহিনীর অন্তত সাতজন জওয়ান নিহত হয়েছেন।


এ ঘটনায় ভারতের হাইকমিশনারকে তলবও করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের পত্রিকা ডনের অনলাইন সংস্করণে বলা হয়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সোমবার জানায়, গতকাল (রোববার) গভীর রাতে ভারতীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে কাশ্মীরের ভীমবার সেক্টরে নিয়ন্ত্রণরেখায় বিনা উসকানিতে গুলিবর্ষণ করলে সাত পাকিস্তানি সেনা শাহাদত বরণ করেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া এক টুইটবার্তায় ‘ক্রমাগত অনর্থক’ গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানান।

এদিকে, ভারতের সেনাবাহিনীর এক সূত্র জানিয়েছে, ভীমবার সেক্টরে কোনো রকম প্ররোচনা ছাড়াই পাকিস্তান গুলিবর্ষণ করেছে। জবাবে ভারতীয় বাহিনী কী ধরনের অস্ত্র প্রয়োগ করেছে, সেই গোপনীয়তা তাঁরা ভাঙতে পারবেন না। কিন্তু গত সপ্তাহের শেষের দিকে ভারতীয় সেনাবাহিনী এক টুইটবার্তায় পাকিস্তানের বিভিন্ন ফাঁড়ি লক্ষ্য করে ভারী অস্ত্রশস্ত্র প্রয়োগের কথা জানিয়েছিল। উল্লেখ্য, ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতির বিষয়ে ২০০৩ সালে হওয়া ঐকমত্য বর্তমানে কার্যত অকার্যকর। রোববারের ঘটনায় পাকিস্তান সরকার সে দেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালিকে গতকাল বিকেলে তলব করে।

এর মধ্য দিয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগও দাখিল হয়। গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘সেনা অভিযানে’র পর দুই দেশের মধ্যে আন্তসীমান্ত গুলিবর্ষণের ঘটনা মারাত্মক বেড়েছে। ভারতের দাবি, ওই অভিযানের পর তাদের ১৩ সামরিক ও আধা সামরিক সৈন্য প্রাণ হারিয়েছেন। এর সপ্তাহ খানেক আগে ভারতশাসিত কাশ্মীরে উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সৈন্য প্রাণ হারান।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.