এবারের বিপিএলে কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছে না গতবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ানস। টানা চারটি ম্যাচে হারের পর বেশ ফিকেই হয়ে গেছে মাশরাফিদের শিরোপাজয়ের স্বপ্ন।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই কুমিল্লার ব্যাটসম্যানদের চাপের মুখে রেখেছিলেন রংপুরের বোলাররা। রানের চাকা ঘোরাতে বেশ কষ্ট করতে হয়েছে ইমরুল কায়েস, আহমেদ শেহজাদদের। প্রথম ছয় ওভারে কুমিল্লার স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ২১ রান। সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার ইমরুল ও লিটন দাস।
তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়িয়েছিলেন শেহজাদ ও মারলন স্যামুয়েলস। কিন্তু দ্রুতগতিতে রান সংগ্রহ করতে পারেননি তাঁরা। ৬৪ রানের জুটি গড়তে খেলেছেন ৬২ বল। শেহজাদ, স্যামুয়েলস; দুজনের ব্যাট থেকেই এসেছে ৫২ রানের ইনিংস। রংপুরের পক্ষে দারুণ বোলিং করে দুটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। চার ওভার বল করে তিনি দিয়েছেন ২৭ রান।
একটি করে উইকেট পেয়েছেন সোহাগ গাজী ও আনোয়ার আলী। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার শহীদ আফ্রিদি কোনো উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করে বেশ ভালোই ভুগিয়েছেন কুমিল্লার ব্যাটসম্যানদের। চার ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ১৮ রান।

0 comments:
Post a Comment
Thanks for your comments.