গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইক্ষু খামারে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে সাঁওতাল পল্লী পরিদর্শন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ দাবি জানান। গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে মিলের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের ব্যাপক সংঘর্ষ হয়।
সংঘর্ষে তিন সাঁওতাল নিহত ও অনেকে আহত হন। কয়েকশ ঘরে ভাংচুর-অগ্নিসংযোগ হয়। সাঁওতালদের দেড় শতাধিক পরিবার এখন ওই এলাকার একটি চার্চের খোলা প্রাঙ্গণ ও পরিত্যক্ত স্কুল ভবনে দিন কাটাচ্ছে। জয়নুল আবদিন ফারুক বলেন, সাঁওতাল পল্লীতে স্থানীয় স্থানীয় এমপি ও ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এই হামলা হয়েছে। বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুসহ কেউ নিরাপদ নয়। এ ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে।
বিএনপি ক্ষমতায় এলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলেও জানান তিনি। এর আগে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দল সাঁওতালদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
প্রতিনিধি দলের অন্যরা হলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাস, নির্বাহী সদস্য ঠাণ্ডু মালকিন, জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, সহ-সভাপতি অঞ্জন কুমার চিদাম, নরেন্দ্র টুডু, মহাসচিব মার্সেল চিরাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শশধর দ্রং, উপদেষ্টা মাইকেল বি মালো।

0 comments:
Post a Comment
Thanks for your comments.