সোমবার বিএনপির বিক্ষোভ কর্মসূচি : ফখরুল



সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
রোববার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দল, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা পাঁচ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দল একটি জনসভার অনুমতি পায় না। আমরা সহজেই বুঝতে পারি, দেশে গণতন্ত্রের অবস্থা কোন জায়গায় এসে পৌঁছেছে।

জনসভা করা আমাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। আমার সাংবিধানিক যে অধিকার তা আজ লঙ্ঘন করা হচ্ছে। আমাদেরকে জনসভা করতে না দেওয়ার প্রতিবাদে সোমবার রাজধানীর থানায় থানায় এবং সারাদেশের মহানগর ও জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। সমাবেশের অনুমতি না দেওয়ায় সরকারের আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ৭ অথবা ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু পুলিশ সেখানে অনুমতি দেয়নি। এরপর বিকল্প স্থান হিসেবে বিএনপি ৮ নভেম্বর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ফের চিঠি দিলেও পুলিশ চিঠি পাওয়ার কথা অস্বীকার করে তখন বিএনপি ১৩ নভেম্বর সমাবেশের ঘোষণা দেয়। এরপর পুলিশ ২৭টি শর্তে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সভার অনুমতি দিলেও বিএনপি তা প্রত্যাখ‌্যান করে ১৩ নভেম্বর অনুমতি দেওয়ার দাবিই জানিয়ে আসছিল। কিন্তু তাও না পাওয়ায় বিক্ষোভ কর্মসূচি দিল।

এদিকে রোববার সকাল থেকে বিএনপির নয়া পল্টনের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ এবং জলকামানের গাড়ি দেখা গেছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.