সালমানের ঠিকানায় পৌঁছে গেল আদালতের নোটিশ


মামলার ঝামেলা থেকে নিস্তার পাচ্ছেন না বলিউড তারকা সালমান খান। গাড়িচাপায় মানুষ হত্যার মামলা থেকে খালাস পেয়েছেন সর্বশেষ।
এর আগে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় হাইকোর্টে বেকসুর খালাস পেয়েছিলেন। ১৯৯৮ সালের এ মামলায় রাজস্থান হাইকোর্ট সালমানকে রেহাই দিলেও এখনই নিস্তার পাচ্ছেন না বেচারা।

আবারও নোটিশ পৌঁছে গেল সালমানের বাড়িতে। রাজস্থান সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, তারই ভিত্তিতে সালমানের কাছে নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্ট। রাজস্থান সরকার এবছরই ১৯ অক্টোবর, চিঙ্কারা হরিণ শিকার মামলায় রাজস্থান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে।

শুক্রবার সকালে সালমান খানের বাড়িতে নোটিশ পাঠায় ভারতের সর্বোচ্চ আদালত। ১৯৯৮ সালে সুরজ বারজাতিয়ার ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন সালমানের বিরুদ্ধে একটি কৃষ্ণসার ও একটি চিত্রা হরিণ শিকারের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, ওই বছরের ২৬ ও ২৮ সেপ্টেম্বর জিপে করে জঙ্গলে গিয়ে এই হরিণ শিকার করেন সালমান।

সালমান ছাড়াও ওই ছবির অন্যান্য অভিনেতা সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। কিন্তু সবশেষে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে সালমানের। ২০০৬ সালের ১৯ এপ্রিল সালমানকে এ মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন রাজস্থান হাইকোর্ট। কিন্তু জামিন পেয়ে যান সালমান।

জামিন পেয়েই ফের আদালতের কাছে নতুন করে শুনানির আবেদন করেন তিনি। সেই শুনানিতে সালমানের আইনজীবী মহেশ বোরা দাবি করেন, সালমানের হোটেলের ঘর থেকে উদ্ধার হওয়া এয়ারগান ও গুলিতে কোনো প্রাণীর মৃত্যু হতে পারে না।

সালমানের আইনজীবীর এই যুক্তি মেনে নেন রাজস্থান হাইকোর্ট।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.