আবারও জাদুতে জিতল মাহমুদউল্লাহের খুলনা


বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জাদু দেখিয়েছিলেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। রাজশাহী কিংসের বিপক্ষে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে জয় ছিনিয়ে এনেছিলেন। আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষেও সেই ম্যাচের স্মৃতি ফেরালেন মাহমুদউল্লাহ।

শেষ ওভারে তিন উইকেট নিয়ে ৪ রানের দারুণ এক জয় এনে দিলেন দলকে। জয়ের জন্য শেষ ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল ছয় রান। হাতে ছিল চার উইকেট। ব্যাটিং করছিলেন সেট দুই ব্যাটসম্যান মোহাম্মদ নবী ও চতুরঙ্গ ডি সিলভা। টি-টোয়েন্টি ক্রিকেটে লক্ষ্যটা অনায়াসই বলা যায়। কিন্তু দুর্দান্ত বোলিং করে তামিম ইকবালের চিটাগংকে জয়বঞ্চিত করলেন মাহমুদউল্লাহ। ওভারের দ্বিতীয় বলেই আউট করেছিলেন ১৯ রান করা ডি সিলভাকে।

পরের বলে কোনো রান নিতে পারেননি আবদুর রাজ্জাক। ওভারের চতুর্থ বলে তাঁকে সাজঘরেই পাঠিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ। শেষ বলে মোহাম্মদ নবীর উইকেটও তুলে নিয়ে ১২৩ রানেই থামিয়ে দিয়েছেন চিটাগংয়ের ইনিংস। চাপের মুখে ২৩ বলে ৩৯ রানের অসাধারণ ইনিংস খেললেও শেষপর্যন্ত ট্রাজিক হিরো হয়েই মাঠ ছেড়েছেন আফগান ক্রিকেটার নবী। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যে মাত্র ৩৩ রান সংগ্রহ করতেই চার উইকেট হারিয়েছিল তামিমের চিটাগং। শেষপর্যায়ে জহুরুল ইসলামের ২৪, নবীর ৩৯ ও ডি সিলভার ১৯ রানের ইনিংসগুলোতে জয়ের আশা জেগেছিল চিটাগং সমর্থকদের মনে।

 কিন্তু শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে খুলনাকে জয় এনে দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ: তিন ওভার বল করে ২৪ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন এই ডানহাতি স্পিনার। খুলনার সফল বোলার অবশ্য শফিউল ইসলাম। চার ওভার বল করে মাত্র ২৮ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। দুটি উইকেট পেয়েছেন কেভন কুপার।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.