অস্কারজয়ী বিখ্যাত ইরানি চলচ্চিত্রনির্মাতা মাজিদ মাজিদির ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবিটির ব্যাপারে কোনো তথ্য জানা না গেলেও শুটিং সেটে দীপিকা ও মাজিদির কয়েকটি স্থিরচিত্র ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেই ছবিগুলো দেখে দিব্যি বোঝা গেছে যে ভারতে নিজের নতুন ছবির কাজ করছেন ‘চিলড্রেন অব হ্যাভেন’খ্যাত নির্মাতা মাজিদ মাজিদি। ভারতের মুম্বাইয়ের ধোবি ঘাটে শুটিং করছেন মাজিদ মাজিদি। ফাঁস হওয়া স্থিরচিত্রে দেখা গেছে, ধোবি ঘাটে মাজিদ কিছু দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন দীপিকা পাড়ুকোনকে। তবে প্রথম দফায় মাজিদ মাজিদির সঙ্গে দীপিকাকে দেখে অনেকে দ্বিধায় পড়ে গিয়েছিলেন।
কারণ, দীপিকার সাজপোশাক একেবারেই অন্য রকম। নোংরা সালোয়ার-কামিজ-ওড়না, এলোমেলো চুল, গায়ে-চুলে ময়লা—এমনই সাজ দীপিকার। মাজিদ মাজিদি ও দীপিকা এখনই তাঁদের এই নতুন কাজটি নিয়ে মুখ খুলতে নারাজ। খুব গোপনেই ভারতে শুটিং চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এত দিন ধারণা করা হচ্ছিল, দীপিকা তাঁর প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’-এর প্রচার ও শুটিং শুরুর অপেক্ষায় থাকা সঞ্জয়লীলা বানশালির ‘পদ্মাবতী’ ছবি নিয়ে ব্যস্ত। কিন্তু এখন মাজিদ মাজিদির নতুন ছবির এক স্থিরচিত্র পাল্টে দিল পুরো দৃশ্যপট। দীপিকা পাড়ুকোন উঠে এলেন আলোচনায়, অস্কারজয়ী এই গুণী নির্মাতার কারণে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.