বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তখনকার পূর্ব পাকিস্তান থেকে বিভিন্ন উপায়ে নিয়ে যাওয়া অর্থ ফেরত না দিয়ে উল্টো বাংলাদেশের কাছে পাকিস্তানের অর্থ দাবিকে ‘অবাস্তব ও ভিত্তিহীন’ বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকরা বুধবার সচিবালয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “যেহেতু আমরা পাকিস্তানের কাছে আমাদের পাওনা দাবি করেছি, সে কারণে ওটাকে ব্যাহত করার জন্য তারা উল্টা প্রস্তাব দিয়েছে, যেটা অবাস্তব, ভিত্তিহীন।
ওরা আমাদের কাছ থেকে টাকা পাবে কোত্থেকে? “পাকিস্তান এমন একটি দেশ, যারা মুক্তিযুদ্ধে আমাদের ৩০ লাখ লোককে হত্যা করেছে। আমাদের প্রাপ্য আছে পাকিস্তানে, কারণ তারা আমাদের শোষণ করেছে।”
এর আগে মন্ত্রী ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত গ্রাহাম মর্টনের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তানকে (এসবিপি) উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউনের ওই প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তান বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯ দশমিক ২১ বিলিয়ন পাকিস্তানি রুপি) পাওনা দাবি করতে যাচ্ছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.