প্রকাশ্যে ছুরিকাঘাত : সিলেটনগরের সুবিদবাজার এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যার দিকে সিলভার স্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজিকুল ইসলাম ওরফে রাজু (৩০)। সে বনকলাপাড়া এলাকায় তাঁর মামার বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে রাজু সিলভার স্টার মার্কেটের একটি ফার্মেসিতে ওষুধ কেনার জন্য গিয়েছিলেন। ওই ফার্মেসির সামনে মোটরসাইকেলযোগে আসে তিনজন যুবক। ওই যুবকরা হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
আশপাশের লোকজন রাজুকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাজুর বড় ভাই তাজুল ইসলাম জানান, তাঁদের বাড়ি বিশ্বনাথে।
চার ভাই ও দুই বোনের মধ্যে রাজু সবার ছোট। বনকলাপাড়ার মামার বাসায় থেকে রাজু রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি ব্যবসা করছিলেন। কী কারণে ও কারা ছুরিকাঘাত করেছে, এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী জানান, যুবকদের মোটরসাইকেলের সঙ্গে রাজুর ধাক্কা লাগার ঘটনার সূত্র ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.