ঝিনাইদহের শৈলকূপায় প্রবীণ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন মৃধার ওপর সাম্প্রতিক হামলার একটি ভিডিও ফুটেজ ফেইসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় উঠেছে। গত ১৮ অক্টোবর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধার উপর এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোনা সিকদারের অনুসারী বলে আক্রান্ত ব্যক্তির স্বজনরা অভিযোগ করেছেন।
ভিডিও ফুটেজটি শৈলকুপা শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি টিভি ক্যামেরায় ধারণ করা। মুক্তার হোসেন মৃধার বড় ছেলে সুমন মৃধা সোমবার তার ফেইসবুক পেজে নতুন করে ৫৩ সেকেন্ডের ওই হামলার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটির সঙ্গে একটি লেখাও পোস্ট করেছেন সুমন মৃধা।
তিনি লিখেছেন, ‘দেখুন শৈলকুপার সবচেয়ে জনপ্রিয় নেতা, সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা এবং ছোট ভাই ব্যাংক কর্মকর্তা মোর্শেদের উপর আওয়ামী লীগ নামধারী নয়া হাইব্রিড সন্ত্রাসীদের হামলা আগের ভিডিও ফুটেজ, টিভি সংবাদ,সংবাদপত্র দেখার পরেও যারা সন্দিহান এবং যারা বলে বেড়াচ্ছেন যে, শামিম মোল্লা জড়িত না, সোনা সিকদার ও তার পুত্র ইকুর লোক ছিল না, এ ছিল না, ও ছিল না, এরা কেউ এমপি কাকার লোক না সেই সব নষ্ট ভ্রষ্ট হাইব্রিড, ঘুষখোর, খুনিদের প্রশয়দাতা সেই সব নেতা এবং হাইব্রিড দালালদের জন্য এই নতুন ভিডিও ফুটেজ বিশেষ করে যারা এই সব সন্ত্রাসীদের তাদের সর্বশক্তি এবং টাকার বিনিময়ে জামিন করে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রশয় দিচ্ছেন তারা ভিডিও ফুটেজ দেখে চিনে নিন এবং আপনাদের নষ্ট ভ্রষ্ট বিবেককে জাগ্রত করুন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.