২২ ক্যারেট মানের ১২ গ্রাম স্বর্ণ দেওয়ার কথা বলা হলেও ২১ ক্যারেট মানের ১৩ গ্রাম স্বর্ণ দেওয়ায় পদক বিতরণ অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
বিতরণের আগ মুহূর্তে ত্রুটি ধরা পড়ায় আজ বুধবার ওই পদক বিতরণ করা হয়নি। ব্যাংকের কর্মকর্তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়ার কথা ছিল।
জানা যায়, প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ কয়েক বছর ধরে ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে বাংলাদেশ ব্যাংক।
এ বছর দুই ক্যাটাগরিতে ২৩ জন কর্মকর্তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন ৬ জন। তাঁদের ১২ গ্রাম ওজনের ২২ ক্যারেট মানের স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত হয়, যা গত বছরের ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়।
কিন্তু ২২ ক্যারেটের পরিবর্তে ২১ ক্যারেট মানের স্বর্ণ দিয়ে তৈরি করা হয় পদক।
ফলে শেষ সময়ে বাতিল করা হয় পদক বিতরণ অনুষ্ঠান। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিদের ২২ ক্যারেট মানের ১২ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে ক্রেস্ট তৈরি করার কথা। তবে ২১ ক্যারেট মানের প্রায় ১৩ গ্রাম স্বর্ণ দিয়ে প্রতিটি ক্রেস্ট তৈরি করা হয়েছে।
প্রতিটি ক্রেস্টের গায়ে লাগানো লেবেলে যা উল্লেখও আছে। এর ফলে দামে কোনো হেরফের না হলেও কম মানের স্বর্ণ দেওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এতে কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠিত হয়েছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.