বিএসটিআই মানসনদ মিলবে অনলাইনে


এখন থেকে অনলাইন পদ্ধতিতে পণ্যের মানসনদ (সার্টিফিকেশন মার্কস বা সিএম) দেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন- বিএসটিআই।
আবেদনপত্র গ্রহণ থেকে শুরু করে সার্টিফিকেট দেওয়াসহ সব কার্যক্রম অনলাইনে হবে বলে সরকারি এই মান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার ফার্মগেইটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ‘সিএম অটোমেশনের’ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এ অটোমেশন কাজ সম্পন্ন করেছে বিএসটিআই। শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইর মান সনদের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন ফি এবং মার্কিং ফি’ ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে। অনুষ্ঠানে সিএম অটোমেশনের কিছু ধাপ তুলে ধরেন আওয়ামী লীগ নেতা আমু। তিনি বলেন, “অনলাইনে মার্কিং ফি’ পরিশোধ করার সাথে সাথে আবেদনকারীর ই-মেইল এই সার্টিফিকেট পৌঁছে যাবে এবং আবেদনকারী মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে একটি পাসওয়ার্ড পাবেন। সেই পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনকারী তার ই-মেইল থেকে সার্টিফিকেট ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন।

একইসঙ্গে কোনো পণ্য বিএসটিআইর সনদপ্রাপ্ত কিনা তা বিএসটিআইর ওয়েবসাইট থেকে পাবলিক সার্চিং এর মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা যাচাই করতে পারবেন বলেও জানান শিল্পমন্ত্রী। শিল্পকারখানা মালিকদেরকে পণ্যের মান উন্নয়নের পরামর্শ দিয়ে আমু বলেন, বর্তমান বিশ্ব হচ্ছে প্রতিযোগিতার বাজার। ফলে পণ্যের গুণগত মান ভালো না হলে দেশে কিংবা বিদেশে ভালো বাজার সৃষ্টি করা যাবেনা।

বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, বিশ্বব্যাংক গ্রুপের বাণিজ্য ও সক্ষমতা বিষয়ক ঊর্ধ্বতন অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, ডিএফআইডির বেসরকারিখাত উন্নয়ন সম্পর্কিত উপদেষ্টা মাসাররাত কাদের ও বিএসটিআইর পরিচালক (সিএম) মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের এ যাবৎ সাফল্যের সঙ্গে বিএসটিআই’র অটোমেশন সিস্টেমও যোগ হলো।

এরফলে বিএসটিআই’র কার্যক্রমের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে। বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক বলেন, বিএসটিআইর ছয়টি উইং এর মধ্যে সিএম উইং এর অটোমেশন করা হলো। পরবর্তীতে বাকি উইংগুলোসহ বিএসটিআই’র সামগ্রিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হবে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.